এমন ঘটনা আর জানা নেই পাকিস্তান অধিনায়কের, কখনও দেখেননি তার বাবাও
অতীতে আরও বেশি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতেও দুই দেশের খেলায় ক্রিকেটাররা হাত মিলিয়েছে, বললেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
সালমান আলি আগা অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলা শুরু করেছেন ২০০৭ সালে। মাঠে দুই দলের হাত না মেলানোর ঘটনা দীর্ঘ এই ১৮ বছরে কখনও আগে দেখেননি বলে জানালেন তিনি। তার বাবা স্মৃতির আয়নায় তাকিয়েছেন আরও ২০ বছর পেছনের সব খেলায়। এমন নজির জানা নেই তারও। পাকিস্তান অধিনায়ক বললেন, এমন ঘটনা ক্রিকেটের জন্য কখনোই ভালো নয়।
এই বিতর্কের সূত্রপাত দুই সপ্তাহ আগে, এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে যখন মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টসের সময় সেদিন সালমানের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। ম্যাচের পর পাকিস্তানিদের সঙ্গে হাত না মিলিয়ে ভারতীয় ক্রিকেটাররা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে গিয়ে দরজা আটকে দেন।
প্রতিবাদে সেদিন ম্যাচের পর পুরস্কার বিতরণীয় আয়োজন বর্জন করেন সালমান। পাকিস্তান দল পরে বর্জন করে সংবাদ সম্মেলন।
সেই ঘটনার জের ধরে অনেক কিছুই হয়ে যায়। পরেও একাধিক সংবাদ সম্মেলন বর্জন করে পাকিস্তান। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো হুমকিও তারা দিয়েছিল। ওই ম্যাচের পরের মন্তব্যের জন্য জরিমানা করা হয় ভারতীয় অধিনায়ককে। সুপার ফোর পর্বে দুই দলের ম্যাচে বিতর্কিত উদযাপনের জন্য জরিমানা করা হয় পাকিস্তানের হারিস রউফকে, সতর্ক করা সাহিবজাদা ফারহানকে।
এই দুই সপ্তাহে ওই ঘটনা নিয়ে সালমানের মুখ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সংবাদমাধ্যমের সামনেই আসেননি তিনি। অবশেষে ফাইনালের আগের দিন এই প্রসঙ্গে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক।
“২০০৭ সালে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ক্রিকেট খেলা শুরু করেছি আমি। দুই দলের মধ্যে করমর্দন না হওয়ার ঘটনা কখনোই দেখিনি। আমার বাবা ক্রিকেটের পাঁড় ভক্ত এবং তিনি আমাকে খেলাটির ইতিহাস অনেক শোনাতেন। তিনি আরও ২০ বছর পেছনে ফিরে তাকিয়ে বলেছেন, দুই দলের হাত না মেলানোর ঘটনা কখনও ঘটেনি। এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেছে, এমন কিছু আসলে ভাবতেও পারি না।”
“এর চেয়েও অনেক বেশি উত্তেজনাময় পরিস্থিতিতেও অতীতে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে, তখনও সবসময় দুই দল হাত মিলিয়েছে। হাত না মেলানো ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। কেউ যদি আগ্রাসী হতে চায়, সেটা আমার দলের হোক বা ওদের দলের, কোনো সমস্যা নেই। কিন্তু সবকিছু শেষে হাত মেলানো উচিত।”
মাঠের লড়াইয়ে দুই ম্যাচেই এবার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। সুরিয়াকুমার তো সরাসরিই খোঁচা মেরেছেন, ভারত-পাকিস্তান লড়াইয়ে এখন প্রতিদ্বন্দ্বিতা বলতে কিছু নেই। এই ম্যাচকে অন্য ম্যাচগুলির চেয়ে আলাদা করে দেখতেও নারাজ তিনি, এমনকি বাড়তি কোনো চাপও দেখেন না।
তবে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে এখানে একমত নন পাকিস্তান অধিনায়ক।
“ভারত-পাকিস্তান লড়াইয়ে অন্য ম্যাচের চেয়ে বেশি চাপ নেই, এটা বললে ভুল হবে। অবশ্যই চাপ বেশি। আর এটা তো ফাইনাল। দুই দলের ওপরই সমান চাপ থাকবে। ফাইনালের চাপ অবশ্যই অন্যরকম।”
“মাঠের বাইরে কী হয়েছে, সেসব তো আমাদের নিয়ন্ত্রণে নেই। একটি দর্শনের কথা তো সবসময়ই বলা হয়, যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাবারও কারণ নেই। বাইরের লোকে কী বলছে, সেসবে আমাদের মনোযোগ নেই। আমরা এখানে এসেছি এশিয়া কাপ জিততে, কালকে মাঠে নেমে এটিই করতে চাইব আমরা।”
