২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাফির কৃপণ বোলিং, ধানমন্ডির নায়ক সোহান

১০ ওভারে মাত্র ১৪ রানে ৩ উইকেট নেন তরুণ বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফি, চমৎকার ফিফটিতে দলকে জেতান নুরুল হাসান সোহান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 06:48 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

শুরুর তিন ব্যাটসম্যানের ফিফটির পরও তেমন বড় হলো না ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ। নিয়মিত উইকেট নিয়ে তবু আশা জাগালেন বোলাররা। তবে চাপের মুখে আরও একবার দায়িত্বশীলতার ছাপ রাখলেন নুরুল হাসান সোহান। অধিনায়কের ব্যাটে দারুণ জয়ে যাত্রা শুরু হলো ধানমন্ডি স্পোর্টস ক্লাবের।

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবারের আরেক ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়াই জমাতে পারেনি পারটেক্স স্পোর্টিং ক্লাব। অনিক সরকার, রায়ান রাফসানের ফিফটির পর রাফিউজ্জামান রাফির আঁটসাঁট বোলিংয়ে বড় জয় পায় শাইনপুকুর।

ফজলে মাহমুদ-সোহানের ফিফটিতে ধানমন্ডির জয়

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্সকে ৪ উইকেটে হারায়  ধানমন্ডি। ২৬৩ রানের লক্ষ্যে ৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। 

ব্রাদার্সের প্রথম তিন ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমান খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। জবাবে ফজলে মাহমুদ ও সোহানের ফিফটি ম্যাচ জিতে নেয় ধানমন্ডি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৯৯ রান যোগ করেন মাহফিজুল ও ইমতিয়াজ। তবে দুজন মিলে খেলে ফেলেন ১৪৮ বল। ৭৫ বলে ৫০ রান করে ফেরেন ইমতিয়াজ। আরও কিছুক্ষণ ক্রিজে থেকে ১১১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন মাহফিজুল। 

তিন নম্বরে নেমে মিজানুর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। ৬ চার ও ২ ছক্কায় ৬০ বলে ফিফটি করেন তিনি। ইনিংসের দশ বল বাকি থাকতে পেশির টানে মাঠ ছাড়েন ৭৬ বলে ৭৩ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান।

টপ অর্ডারের তিন জন ছাড়া আর কেউ ২০ রানও করতে পারেননি।

রান তাড়ায় ইতিবাচক শুরু করেন আশিকুর রহমান ও হাবিবুর রহমান। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। উদ্বোধনী জুটিতে আসে ৫৬ বলে ৫৬ রান। আশিকুর ২৩ ও হাবিবুর ৩২ রান করে আউট হন।

তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরি। দারুণ শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসির। ২টি করে চার-ছক্কায় তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৪১ রান।

দলের দুইশ হওয়ার আগে ড্রেসিং রুমের পথ ধরেন ফজলে মাহমুদও (৭৮ বলে ৫৫ রান)। পরে সানজামুল ইসলাম ও মইন খানও হতাশ করলে কিছুটা চাপে পড়ে ধানমন্ডি। 

জিয়াউর রহমানকে নিয়ে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সোহান। ৪ চারে ৫৩ বলে ৫৮ রান করেন ধানমন্ডি অধিনায়ক। জিয়ার ব্যাট থেকে আসে ২৪ বলে ১৯ রান।

সংক্ষিপ্ত স্কোর

ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৬২/৫ (মাহফিজুল ৮৪, ইমতিয়াজ ৫০, মিজানুর ৭৩ আহত অবসর, জাহিদুজ্জামান ২, মাইশুকুর ১৩, কাপালি ১৯*, সোহাগ ৫, সুমন ৭*; মারুফ ১০-০-৬০-১, কামরুল ১০-১-৫৪-২, জিয়াউর ৩-০-১৯-০, সানজামুল ১০-০-৫১-১, মুরাদ ১০-০-৪৪-১, মইন ৭-০-৩১-০)

ধানমন্ডি স্পোর্টস ক্লাব: ৪৮.৪ ওভারে ২৬৪/৬ (আশিকুর ২৩, হাবিবুর ৩২, ফজলে মাহমুদ ৫৫, ইয়াসির ৪১, সোহান ৫৮*, সানজামুল ৩, মইন ১১, জিয়াউর ১৯*; আল আমিন ৮-১-৩৮-০, সুমন ৪-০-৪৪-০, আসিফ ৯.৪-০-৫৪-১, ইয়াসিন ১০-১-৪৩-৩, সোহাগ ১০-০-৪০-০, কাপালি ৭-০-৩৬-১)

ফল: ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৪ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান 

শাইনপুকুরের বড় জয়

অনিক সরকার ও রায়ান রাফসান রহমানের ফিফটির সঙ্গে জুবায়ের হোসেনের শেষের ঝড়ে তিনশ ছুঁইছুঁই পুঁজি পায় শাইনপুকুর। পরে রাফিউজ্জামান রাফি ও আল ফাহাদের চমৎকার বোলিংয়ে পারটেক্সকে বেশি দূর যেতে দেয়নি তারা।

বিকেএসপির ৪ নম্বর মাঠে শাইনপুকুরের জয় ৭৭ রানে। ২৯৯ রানের লক্ষ্যে ২২১ রানে গুটিয়ে যায় পারটেক্স।

বাঁহাতি স্পিনে ১০ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নেন রাফি। পুরো স্পেলে একটিও বাউন্ডারি হজম করেননি তিনি। তরুণ পেসার আল ফাহাদেরও শিকার ৩ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি শাইনপুকুরের। তিন নম্বরে নেমে পাল্টা আক্রমণ করেন অনিক। ৫৬ বললে পঞ্চাশ ছুঁয়ে আরও কিছু দূর এগিয়ে যান তিনি। সব মিলিয়ে ৫ চার ও ৪ ছক্কায় ৭৮ বলে করেন ৭৭ রান।

পাঁচ নম্বরে নেমে ৫৮ বলে ফিফটি পূর্ণ করেন রাফসান। পরের ২৩ বল থেকে আরও ৩৭ রান নেন শাইনপুকুর অধিনায়ক। শেষ ওভারে সেঞ্চুরির জন্য ১৩ রান প্রয়োজন ছিল তার। প্রথম বলে ক্যাচ আউট হওয়ায় তিন অঙ্ক ছোঁয়া হয়নি।

শেষ দিকে মুক্তার আলির এক ওভারে ৪টি ছক্কা মারেন জুবায়ের। তার ১৪ বলে ৩৯ রানের ক্যামিওর সৌজন্যে তিনশর কাছে পৌঁছায় শাইনপুকুর।

মুক্তারের ৯ ওভার থেকে আসে ৯৯ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড এটি। অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি যৌথভাবে দুজনের। গত বছরের ঢাকা লিগেই আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দিয়েছিলেন গাজী টায়ার একাডেমির ইকবাল হোসেন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০ ওভারে ১০৪ দিয়েছিলেন শাহাদাত হোসেন। 

বড় লক্ষ্যে একদমই সম্ভাবনা জাগাতে পারেনি পারটেক্স। ছয় নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৪৬ রান করেন জাওয়াদ রোয়েন। রুবেল মিয়ার ব্যাট থেকে আসে ৪০ রান।

তিনশ ছুঁইছুঁই লক্ষ্যে দলের বড় আশা ছিল সাব্বির রহমানের ওপর। কিন্তু ২০ রান করতে ৪৭ বল খেলে আউট হন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৯৮/৫ (রহমতউল্লাহ ১৩, মইনুল ২৩ আহত অবসর, অনিক ৭৭, রহিম ১৮, রাফসান ৮৭, মিনহাজুল ৩০, জুবায়ের ৩৯*, আলি ১*; মোহর ৮-০-৪২-১, আলাউদ্দিন ৬-০-৪২-১, শহিদুল ১০-০-৪৩-১, মুক্তার ৯-০-৯৯-১, আহরার ২-০-১২-১, জাওয়াদ ৮-০-৩৬-০)

পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৪৯.৫ ওভারে ২২১ (জয়রাজ ৭, জসিম ৩, রুবেল ৪০, সাব্বির ২০, আহরার ২১, জাওয়াদ ৪৬, আলাউদ্দিন ৬, শহিদুল ৮, মুক্তার ২৪, নাঈম ১৩*, মোহর ১৭; ফাহাদ ১০-১-৫০-৩, আলি ৮-২-৩৮-১, রাফি ১০-১-১৪-৩, জুবায়ের ১-০-৯-০, শরিফুল ১০-০-৪০-১, রহিম ৮.৫-১-৩৫-২, রাফসান ২-০-২২-০)

ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রাফিউজ্জামান রাফি