আইসিসির নতুন রাজস্ব-বন্টন মডেল নিয়ে উদ্বিগ্ন সহযোগী দেশগুলি
প্রস্তাবিত এই কাঠামো অনুমোদন পেলে ক্রিকেটের প্রসার থমকে যেতে পারে বলে আশঙ্কা করছে সহযোগী দেশগুলি।
আইসিসির প্রস্তাবিত পরবর্তী রাজস্ব-বন্টন মডেল নিয়ে এরই মধ্যে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্বল্পোন্নত ক্রিকেটীয় দেশগুলির মধ্যেও। আইসিসির অনেক সহযোগী দেশের আশঙ্কা, প্রস্তাবিত এই কাঠামো অনুমোদন পেলে ক্রিকেটের প্রসার থমকে যেতে পারে।
২০২৪ থেকে ২০২৭ চক্রের জন্য এই কাঠামো তৈরি করেছে আইসিসি। আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির বোর্ড সভায় এটি অনুমোদন পেতে পারে।
এই মাসের শুরুর দিকে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়, প্রস্তাবনা অনুযায়ী সামনের চার বছরে আইসিসির সম্ভাব্য আয় প্রতি বছর ৬০ কোটি মার্কিন ডলার। সেখান থেকে ভারতীয় বোর্ড একাই পাবে প্রতি বছরে ২৩ কোটি মার্কিন ডলার। যা মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ।
আইসিসির পূর্ণ সদস্য ১২ দেশ সম্মিলিতভাবে পাবে মোট আয়ের ৮৮.৮১ শতাংশ। বাকিটা ভাগ করে দেওয়া হবে ৯৪টি সহযোগী দেশের মধ্যে।
আইসিসি এসব পরিসংখ্যান নিয়ে কোনো মন্তব্য করেনি। যদিও সংস্থাটির মহাব্যবস্থাপক ওয়াসিম খান সোমবার বলেছেন, প্রস্তাবিত নতুন কাঠামোয় সকল সদস্য দেশ অতীতের তুলনায় বেশি অর্থ পাবে।
পাকিস্তান ইতোমধ্যেই এই কাঠামোর বর্তমান রূপ নিয়ে তাদের বিরোধিতা স্পষ্ট করেছে। সহযোগী দেশগুলির মধ্যেও প্রশ্ন উঠেছে।
আইসিসি প্রধান নির্বাহী কমিটির তিন সহযোগী সদস্য প্রতিনিধির একজন সুমোদ দামোদর মঙ্গলবার রয়টার্সকে বলেন, প্রস্তাবিত এই কাঠামো সহযোগী দেশগুলির চাহিদা পূরণ করবে না।
“প্রস্তাবিত মডেলটি যদি অনুমোদন পায় তাহলে একজন সহযোগী সদস্য প্রতিনিধি হিসেবে আমি হতাশ হব। সহযোগী সদস্যদের জন্য এটি অপর্যাপ্ত হওয়ার অসংখ্য বাস্তবিক কারণ রয়েছে।”
বতসোয়ানা ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান দামোদার মনে করেন, সহযোগী দেশ যারা ওয়ানডে ক্রিকেটের মর্যাদা পেয়েছে তাদের হাই-পারফরম্যান্স কার্যক্রমগুলি চালু রাখতে আরও অর্থের প্রয়োজন। ছেলেদের ক্রিকেটে নেপাল ও মেয়েদের খেলায় থাইল্যান্ডের দ্রুত উত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হলে আরও দেশ এগিয়ে যাবে।
ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলারের মতে, প্রস্তাবিত এই কাঠামো ক্রিকেটের বড় ও ছোট দেশগুলির মধ্যে বৈষম্যই কেবল বাড়াবে।
“নতুন মডেলটি এখন বৃহত্তর ক্রিকেটীয় দেশগুলিকে আরও বেশি সুবিধা দেবে এবং প্রস্তাবিত পরিবর্তনগুলি এই ভারসাম্যহীনতাকে বাড়িয়ে তুলবে, খেলার ভবিষ্যৎ আরও ঝুঁকিতে পড়বে।”
"দুঃখজনক বাস্তবতা হলো, ক্রিকেট বিশ্বে এখন খেলাটি যে অবস্থানে আছে সেখান থেকে প্রসারিত হবে না যদি এর বৈশ্বিক তহবিল সত্যিকার অর্থেই প্রসারের লক্ষ্যে সমানভাবে বরাদ্দ না করা হয়।”
সহযোগী দেশগুলির উদ্বেগের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে আইসিসির মন্তব্য জানতে চাইলে সংস্থাটির সাড়া মেলেনি।
আইসিসির সাবেক সভাপতি এহসান মানি রয়টার্সকে বলেছেন, উন্নয়নশীল ক্রিকেটীয় দেশগুলির কয়েকটির বিশাল বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও গভর্নিং বডির দূরদর্শিতার অভাব ছিল।
“বিশ্ব ক্রিকেটের জন্য সবচেয়ে বড় ঝুঁকির একটি হলো একটি দেশ, ভারত, যার ওপর মোট রাজস্ব আয়ের একটি বড় অংশের জন্য নির্ভরশীল। মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মতো দেশগুলি এবং দীর্ঘমেয়াদে চীন আইসিসি, এর সদস্যদের এবং বৈশ্বিক খেলার জন্য অনেক সুবিধা নিয়ে আসত। এতে বিশ্ব ক্রিকেট আরও শক্তিশালী এবং সমৃদ্ধ হতো।”
পিসিবির সাবেক চেয়ারম্যান মানির মতে, আইসিসির রাজস্বের সিংহভাগ ভারতের ‘দখল করে নেওয়ার কোনো মানেই হয় না।’ সকল পূর্ণ সদস্য দেশের জন্য সমান শেয়ারের পক্ষে তিনি।
“বিশ্ব ক্রিকেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান দরকার। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো জিম্বাবুয়ের ক্রিকেটও তহবিলের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি দেশে বিনিয়োগের অভাব খেলাটিকে অস্থিতিশীল করে তুলবে এবং এজন্য বিশ্ব ক্রিকেট আরও দরিদ্র হবে।"
প্রস্তাবিত কাঠামোয় দ্বিতীয় সর্বোচ্চ আয় হবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের। তবে ভারতের চেয়ে তারা যোজন যোজন পিছিয়ে। ইংল্যান্ডের বোর্ড পাবে প্রতি বছর ৪ কোটি ১৩ লাখ ডলারের একটু বেশি। যা আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ। ক্রিকেট অস্ট্রেলিয়া পাবে মোট আয়ের ৬.২৫ শতাংশ, অর্থের অঙ্কে যা ৩ কোটি ৭৫ লাখ ডলারের চেয়ে বেশি।
এছাড়া বার্ষিক ৩ কোটি ডলারের বেশি পাবে আর কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের আয় হবে ৩ কোটি ৪৫ লাখ ডলারের একটু বেশি, শতকরা হারে ৫.৭৫ শতাংশ।
পূর্ণ সদস্য বাকি ৮ দেশের সবার আয় হবে ৫ শতাংশের নিচে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে পাবে ২ কোটি ৬৭ লাখ ডলারের একটু বেশি, মোট আয়ের যা ৪.৪৬ শতাংশ। সবচেয়ে কম ১ কোটি ৬৮ লাখ ডলার আয় হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের।
