দুইশর নিচে বাংলাদেশকে আটকে রাখতে চায় নিউ জিল্যান্ড
উইকেটের আচরণে ভরসা রেখে দুইশর আশপাশে লক্ষ্য তাড়া করা সম্ভব বললেন নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস।
একশর আগে ৭ উইকেট হারিয়েও প্রথম ইনিংসে লিড পেয়েছে নিউ জিল্যান্ড। এর মূল কারিগর গ্লেন ফিলিপস। আগ্রাসী ব্যাটিংয়ে প্রথমবারে সফল হওয়া ফিলিপসের আশা, দ্বিতীয় ইনিংসে দুইশর নিচে লক্ষ্য পেলে জিততে পারবেন তারা।
মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৩০ রানে পিছিয়ে নিউ জিল্যান্ড। ২ উইকেটে ৩৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাচ জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে কিউইদের লক্ষ্য, স্বাগতিকদের দুইশ ছুঁতে না দেওয়া।
বৃষ্টির বাগড়া পড়া ম্যাচে দ্বিতীয় দিনে হয়নি কোনো খেলা। তৃতীয় দিনেও আউটফিল্ড ভেজা থাকায় ভেসে যায় প্রথম সেশন। দিনের শেষ দিকে আলোকস্বল্পতার কারণে শেষের আড়াই ঘণ্টায় কোনো খেলা সম্ভব হয়নি।
মাঝের সময়ে উইকেটের আচরণ প্রথম দিনের চেয়ে তুলনামূলক ভালো দেখা গেছে। অসম বাউন্স, টার্ন নিয়মিত হলেও, প্রথম দিনের মতো মৃত্যুকুপ মনে হয়নি শুক্রবারের উইকেটকে। যেখানে পাল্টা আক্রমণের পথে হেঁটে সাফল্য পেয়েছেন ফিলিপস।
তিনি ছাড়া বাকিরা অবশ্য সুবিধা করতে পারেননি। ২০ পার হয়নি নিউ জিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানের ইনিংস। তাই ফিলিপসের ৮৭ রানের পরও কিউইদের ইনিংস থেমে যায় ১৮০ রানে।
দ্বিতীয় ইনিংসে এই অবস্থা বদলানোর আশা ফিলিপসের। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে উইকেটের সম্ভাব্য আচরণে ভরসা রেখে নিজেদের জন্য মানানসই লক্ষ্যের কথা বললেন তিনি।
“প্রথম ইনিংসে আমাদের শুরুটা কিছুটা কঠিন ছিল। বাংলাদেশের ফিল্ডারদের দারুণ কিছু ক্যাচ আমাদেরকে দ্রুতই চাপে ফেলে দেয়। যদি উইকেটের আচরণ বদলে না যায়, লম্বা সময় কাভারের নিচে ঢাকা থাকায় যা ম্যাচজুড়ে একই রকম থাকবে বলে আমার ধারণা।”
“১৮০ থেকে ২০০র আশপাশে যে কোনো স্কোর ভালো এবং তাড়া করা কঠিন হবে। অসম্ভব হবে না। তবে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের খুব ভালোভাবে নিজেদের পরিকল্পনায় লেগে থাকতে হবে। আমরা যদি তাদেরকে দুইশর নিচে রাখতে পারি, খুব খুশি হব।”
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, ২১০ রানের কম লক্ষ্য দিয়ে জিততে পারেনি কোনো দল। তাই নিউ জিল্যান্ড যদি নিজেদের পরিকল্পনায় সফল হয়, ম্যাচ জিততে নতুন কিছুই করতে হবে স্বাগতিকদের।
