২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ছেড়ে হঠাৎ দেশের পথে কামিন্স

জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 10:17 AM

Updated : 20 Feb 2023, 10:17 AM

লড়াইটা ঠিকমতো জমে উঠলে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট এখনও চলার কথা। কিন্তু টেস্ট শেষ তিন দিনেই। প্যাট কামিন্স সুযোগ পেলেন জরুরি প্রয়োজনে পরিবারের কাছে ছুটে যাওয়ার। ‘পারিবারিক গুরুতর স্বাস্থ্যগত’ কারণে দল ছেড়ে ভারত থেকে দেশের পথে অস্ট্রেলিয়ান অধিনায়ক। 

তৃতীয় টেস্টের আগে সময় আছে এখনও বেশি কিছুদিন। সিডনিতে পরিবারের সঙ্গে কয়েকটি দিন কাটিয়ে কামিন্স টেস্টের আগেই আবার দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইন্দোরে টেস্ট ম্যাচটি শুরু হবে ১ মার্চ থেকে।

প্রথম দুই টেস্টই হেরে সিরিজ হার তো বটেই, অস্ট্রেলিয়া এখন হোয়াইটওয়াশের শঙ্কায়ও আছে। দ্বিতীয় টেস্টে দিল্লিতে দলের একমাত্র পেসার হিসেবে খেলেন কামিন্স। খুব ভালো যদিও করতে পারেননি তিনি।

পারিবারিক সমস্যা কাটিয়ে কামিন্স যদি শেষ পর্যন্ত টেস্টের আগে ফিরতে না পারেন, তাহলে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ২০২১ সালের শেষ দিকে কামিন্স নেতৃত্বে আসার পর এই সময়ে তার অনুপস্থিতিতে দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। 

পেস বোলিংয়েও আপাতত সুখবর মিলছে অস্ট্রেলিয়ার জন্য। চোট কাটিয়ে তৃতীয় টেস্টের জন্য মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড প্রস্তুত হয়ে উঠছেন। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।