২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরা উইলিয়ামসনের ঘাড়ে স্মিথের নিঃশ্বাস

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে এখন পাঁচে জো রুট।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরা উইলিয়ামসনের ঘাড়ে স্মিথের নিঃশ্বাস

কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 05:07 PM

Updated : 05 Jul 2023, 05:07 PM

অ্যাশেজের লর্ডস টেস্টে ভালো করতে না পারায় এই সংস্করণের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন জো রুট। তার অবনতিতে লম্বা সময় পর চূড়ায় ফিরেছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ এক সেঞ্চুরিতে দুই নম্বরে উঠে এসেছেন স্টিভেন স্মিথ।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টন টেস্টে দারুণ পারফরম্যান্সে মার্নাস লাবুশেনকে সরিয়ে সপ্তাহ দুয়েক আগে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরেছিলেন রুট। কিন্তু পরের টেস্টেই নিষ্প্রভ তিনি, দুই ইনিংসে করেন কেবল ১০ ও ১৮ রান। এতে চার ধাপ পিছিয়ে ইংলিশ তারকা ব্যাটসম্যান এখন পাঁচ নম্বরে।

রুট নিচে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে শীর্ষে এখন গত মার্চ থেকে কোনো টেস্ট না খেলা উইলিয়ামসন। নিউ জিল্যান্ডের তারকা ব্যাটসম্যান এই নিয়ে ষষ্ঠবার এক নম্বর হলেন। প্রথমবার টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় চূড়ায় উঠেছিলেন তিনি ২০১৫ সালের নভেম্বরে আর সবশেষ ২০২১ সালের অগাস্টে।

লর্ডসে অস্ট্রেলিয়ার ৪৩ রানে জেতা ম্যাচের প্রথম ইনিংসে ১১০ রান করেন স্মিথ। দ্বিতীয়ভাগে তার ব্যাট থেকে আসে ৩৪ রান। দলের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন তিনি। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে এখন তার অবস্থান দ্বিতীয়।

২০২১ সালের জুনে সবশেষ টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় থাকা স্মিথের দারুণ সম্ভাবনা আছে হারানো সিংহাসন ফিরে পাওয়ার। ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা উইলিয়ামসনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। স্মিথের রেটিং পয়েন্ট ৮৮২।

এই তালিকায় ৮৭৩ পয়েন্ট নিয়ে তিনে মার্নাস লাবুশেন। চারে থাকা ট্রাভিস হেডের পয়েন্ট ৮৭২।

লর্ডসে দুই ইনিংসে ৯৮ ও ৮৩ রান করা ইংলিশ ওপেনার বেন ডাকেট ২৪ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা বিশে ঢুকেছেন, অবস্থান ১৮। রান তাড়ায় ১৫৫ রানের অসাধারণ ইনিংস খেলা বেন স্টোকস এগিয়েছেন ৯ ধাপ, আছেন ২৩তম স্থানে।

টেস্ট বোলারদের মধ্যে আগের মতোই শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

বোলারদের তালিকায় তিনে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। দুই ধাপ পিছিয়ে চারে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। পাঁচ নম্বরে তার সতীর্থ অলিভার রবিনসন।

লর্ডসে ৬ উইকেট নেওয়া পেসার মিচেল স্টার্ক এগিয়েছেন দুই ধাপ, আছে ১৪ নম্বরে।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা।