২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে শেষ বলে হেরে আক্ষেপের সঙ্গে গর্বও আছে জাপানের

‘বিশ্বের সেরা দলের বিপক্ষে ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারাটা সত্যিই বিশেষ কিছু’, ২ রানে হারের পর বললেন জাপান অধিনায়ক কেন্দাল কেডোওয়াকি-ফ্লেমিং ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 07:19 PM

Updated : 22 Sep 2026, 07:45 PM

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে স্মরণীয় এক জয়ের আশা জাগিয়ে অল্পের জন্য পারেনি জাপান। এত কাছে গিয়ে হারের যন্ত্রণা সঙ্গী হওয়ায় আক্ষেপ কাজ করছে দলটির ক্রিকেটারের মাঝে। তবে জাপান অধিনায়ক কেন্দাল কেডোওয়াকি-ফ্লেমিং বললেন, টানা দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের বিপক্ষে এভাবে লড়াই করতে পারায় গর্বও হচ্ছে তাদের।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার হয়েছে এই ম্যাচ। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ভেজা আউটফিল্ডের কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ৫ ওভারে। মন্থর ও টার্নিং উইকেটে ভারত ৪ উইকেট হারিয়ে তুলতে পারে কেবল ৩২ রান। জাপান আটকে যায় ৩০ রানে। ২ রানের নাটকীয় জয়ে বড় অঘটন এড়ায় ভারত।

ঘরের মাঠে সমর্থকদের সামনে এমন হারের পর দলের ভেতরে সবার মানসিক অবস্থা তুলে ধরলেন জাপান অধিনায়ক কেডোওয়াকি-ফ্লেমিং।

“দলের অন্যদের বলছিলাম যে, ম্যাচ যখন এতটা হাড্ডাহাড্ডি হয়, তখন হার মেনে নেওয়াটা আসলে একটু বেশিই কঠিন হয়ে পড়ে, তাই আমাদের দলের মধ্যে এখন তীব্র আবেগ কাজ করছে। তবে আমার মতে, বিশ্বের সেরা দলের বিপক্ষে ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারাটা সত্যিই বিশেষ কিছু।

“বাসে দীর্ঘ যাত্রাপথে নিশ্চয়ই কিছু মুহূর্ত বারবার আমাদের মনে ভেসে উঠবে, তবে হ্যাঁ, এই মুহূর্তে গর্ববোধই কাজ করছে।”

রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে চতুর্থ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে জাপানের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন কেডোওয়াকি-ফ্লেমিং। শেষ ওভারে তাদের প্রয়োজন পড়ে ৮ রান।

বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলের করা শেষ ওভারে আম্পায়াররা একটি ‘ওয়াইড’ সিদ্ধান্ত বদলে ফেললে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। আকসারের আগের বলটি লেগ সাইডের বেশ বাইরে ছিল এবং সেটিকে ওয়াইড দেওয়া হয়। পরের বলটিও লেগ স্টাম্পের বাইরে দিয়ে গেলে রিভার্স সুইপ খেলার চেষ্টা করা ব্যাটসম্যানের কাছাকাছিই ছিল। প্রথমে সেটিকে ওয়াইড দেওয়া হলেও, ভারতীয় খেলোয়াড়দের আবেদনের পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ওয়াইড সিদ্ধান্তটি বহাল থাকলে জাপানের জয়ের জন্য শেষ ৪ বলে ৬ রানের প্রয়োজন হতো।

এখন এশিয়ান গেমস ক্রিকেটের অভিযান শুরুর দিকে মনোযোগ দিতে চান জাপান অধিনায়ক।

“আজকের দিনটি সত্যিই খুব তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এই প্রথম আমরা কোনো (আইসিসির) পূর্ণ সদস্য দলের মুখোমুখি হতে পারলাম। এখন আমাদের হাতে প্রায় ৩৬ ঘণ্টার বিরতি আছে (এশিয়ান গেমস শুরুর আগে)... তাই আগামীকাল আমরা বিশ্রাম নেব এবং সেই ম্যাচের জন্য প্রস্তুতি নেব।

“আর যদি আমরা পরবর্তী দুটি ম্যাচের একটিতেও জিততে পারি, তাহলে নকআউট পর্বে আরেকটি পূর্ণ সদস্য দলের বিপক্ষে খেলার সুযোগ পাব। সেটাই আমাদের মূল লক্ষ্য।”

এশিয়ান গেমসের পুরুষদের ইভেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে জাপান। এর দুদিন পর তারা খেলবে নেপালের বিপক্ষে।

প্রাথমিক পর্বে ছয় দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে কোয়ার্টার-ফাইনালে। সরাসরি শেষ আটে জায়গা কররে নিয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।