২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রমাণ ছাড়া ৯ ক্রিকেটারকে বাদ দেওয়া অযৌক্তিক ও অবিচার’

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের দিকেও আঙুল তুললেন সাবেক বোর্ড পরিচালক ফাহিম সিনহা।

‘প্রমাণ ছাড়া ৯ ক্রিকেটারকে বাদ দেওয়া অযৌক্তিক ও অবিচার’
সিসিডিএম-এর বেশিরভাগ ক্লাবের উপস্থিতিতে একটি আলোচনা সভায় এ বিষয়ে নিজের মতামত জানাচ্ছেন বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 05:20 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

দুর্নীতির অভিযোগে ৯ ক্রিকেটোরকে এবারের বিপিএলের নিলাম থেকে বাদ দেওয়ার ‘অযোক্তিক’ সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা হচ্ছে। বিপিএলের সাবেক গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহার মতে, তাদেরকে নিলাম থেকে বাদ দেওয়া ঠিক হয়নি।

ওই ক্রিকেটারদের প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কেউ এখনও দোষী প্রমাণিত নন এবং তারা দেশের অন্যান্য সব লিগে খেলতে পারবেন; তবে তাদের কেউ বিপিএলে খেলতে পারবেন না! ফাহিম সিনহার কাছে সিদ্ধান্তটি কেবল অযৌক্তিকই নয় ও একরকম অবিচারও। 

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম)-এর ক্লাবগুলোর একটি বড় অংশ ঢাকার বিজয় সরণিতে মঙ্গলবার ‘বাংলাদেশের ক্রিকেট, বর্তমান প্রেক্ষাপট এবং বিসিবির অব্যবস্থাপনা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। সেখানেই ফাহিম সিনহা তার অবস্থান স্পষ্ট করেন। বলেন, বাদ দেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণাদি থাকলে বিষয়টি দ্রুত স্পষ্ট করা জরুরি।

‘‘এটা একেবারে একটা অযোক্তিক ব্যাপার। বিপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতাধীন একটি ইন্টেগ্রিটি বিভাগ আছে। ওই বিভাগের চেয়ারম্যান বলে দিলো একটা বিশেষ (বিপিএল) লিগে খেলতে পারবে না। কী কারণে খেলতে পারবে না, এটা পরিস্কার ও সুনির্দিষ্ট করাটা জরুরি। এইটা করতে না পারলে আমার মনে হয়, এটা তাদের সাথে অবিচার করা হচ্ছে।’’

‘‘যদি লিগ্যালি সত্যিকারের কোনো প্রমাণ থাকে যে ওরা কোনো অন্যায় করেছে। তাহলে সব লিগ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। তখন ওই বিষয়ের সঙ্গে আমাদের কোনো দ্বিমত থাকবে না। কোনো প্রমাণ ও যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার কারণটি জনগণের কাছে পৌঁছানো উচিত ছিল যে, কী কারণে এদেরকে আমরা বাদ দিলাম।’’

এই বিষয়ে বোর্ডের অভ্যন্তরের পরিচালনা পর্ষদের দিকেও আঙুল তোলেন ফাহিম সিনহা। মনে করিয়ে দেন, অভিযুক্তদের শাস্তি দেওয়ার নীতি সবার জন্য সমান হওয়া উচিত।

‘‘অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরেও তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দিয়ে দেই। তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত বা বহিষ্কার করা উচিত।’’