Published : 13 Jan 2026, 07:51 PM
যুক্তরাষ্ট্রের ফাস্ট বোলার আলি খানের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের ভিসার জন্য আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি। ৩৫ বছর বয়সী আলি খান মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়ে লিখেছেন, “ভারতীয় ভিসা প্রত্যাখ্যান, কিন্তু জয়ের জন্য কেএফসি।”
আলি খানের ওই স্টোরি শেয়ার করে যুক্তরাষ্ট্রের সাংবাদিক পিটার ডেলা পেনা সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ভিসা না পাওয়াদের তালিকায় আছেন যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত আরও তিন ক্রিকেটার।
“যুক্তরাষ্ট্রের আলি খানের ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের সঙ্গে ভ্রমণের জন্য এই ফাস্ট বোলারের ভারতীয় ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। শায়ান জাহাঙ্গির, এহসান আদিল ও মোহাম্মাদ মহসিনও একই পরিস্থিতিতে। এটি যুক্তরাষ্ট্রের সুপার এইটে ওঠার সম্ভাবনার জন্য বড় ধাক্কা হবে।”
নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে না চাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির চলমান টানাপোড়েনের মাঝেই এলো এই খবর।
যদিও বিভিন্ন দলের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে জটিলতা তৈরি হওয়া নতুন কিছু নয়। ভারতে সিরিজ কিংবা টুর্নামেন্টে খেলতে অতীতে এই সমস্যার সম্মুখীন হয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা, ইংল্যান্ডের রেহান আহমেদ ও শোয়েব বাশিরসহ আরও ক্রিকেটাররা।
আলি খানের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের পাঞ্জাবে। ১৮ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র দলে অভিষিক্ত পেসার এখন পর্যন্ত ১৫ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন। খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সেখানে ভারতের রিশাভ পান্তের উইকেট নিয়েছিলেন তিনি।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতেও তিনি নিয়মিত মুখ। ২০২০ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ পেলেও খেলতে পারেননি চোটের কারণে।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৯ ম্যাচে তার উইকেট ৯৪টি। ৬ রানে ৪ উইকেট ক্যারিয়ার সেরা বোলিং।
আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিন মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।