আইপিএলকে বিদায় জানিয়ে অন্যান্য লিগে খেলার আশায় অশ্বিন
আইপিএল ইতিহাসের পঞ্চম সফলতম বোলার আচমকাই অবসর নিলেন ভারতীয় ক্রিকেট থেকে, এখন তিনি খেলতে চান দেশের বাইরের নানা লিগে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মতো এই ঘোষণাটিও এলো আচমকা। আইপিএল ও ভারতীয় ক্রিকেটে আর খেলবেন না রাভিচান্দ্রান অশ্বিন। হুট করেই দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে ভারতের অফ স্পিনিং গ্রেট জানালেন, এখন তিনি খেলতে চান বিশ্বের বিভিন্ন লিগে।
ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ক্রিকেটাররা দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান না।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মধ্যে অনেকটা চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অশ্বিন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলাও তাতে থেমে যায়। তখন ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। গত আইপিএলে তাকে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের চরম হতাশার আসরে এবার ভালো করতে পারেননি অশ্বিন নিজেও। ৯ ম্যাচ খেলে স্রেফ ৭ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ৯.১২ রান দিয়ে, যা তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খরুচে মৌসুম। তার পরও অভিজ্ঞতা ও উপযোগিতার কারণে তার প্রতি আগ্রহীই থাকার কথা দলগুলির।
কিছুদিন আগে তিনি চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের কাছে আগামী মৌসুমে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে স্বচ্ছ বার্তা চেয়েছিলেন। এরপর এলো এই অবসরের ঘোষণা।
১৮৭ উইকেট নিয়ে আইপিএলের পঞ্চম সফলতম বোলার অশ্বিন। পাশাপাশি একটি ফিফটিতে রান করেছেন ৮৩৩। চেন্নাইয়ের হয়ে দুবার জিতেছেন শিরোপা।
নিজ শহর চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি আট মৌসুমে। এছাড়া রাইজিং পুনে সুপার জায়ান্টসে খেলেছেন এক মৌসুম, দুই মৌসুম করে খেলেছেন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসে, তিন মৌসুম রাজস্থান রয়্যালসে।
সেই পথচলার ইতি টানলেন তিনি বুধবার সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে। ৩৯ ছুঁইছুঁই ক্রিকেটার এটিকে অবশ্য বিদায় না বলে দেখছেন নতুন সম্ভাবনার শুরু হিসেবে।
“বিশেষ দিন এবং এজন্যই বিশেষ কিছুর শুরু। বলা হয়ে থাকে, প্রতিটি শেষ মানেই নতুনের শুরু। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ আজকেই। তবে এই খেলাটির এবং নানা লিগের অভিযাত্রী হিসেবে আমার সময় শুরু আজকে থেকেই।”
“দারুণ সব স্মৃতি ও এত বছরের সম্পর্কের জন্য সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইপিএল ও বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা আমাকে এখনও পর্যন্ত তারা যা কিছু দিয়েছেন। সামনে যা কিছু, তা সর্বোচ্চ কাজে লাগাতে ও উপভোগ করতে মুখিয়ে আছি।”
অশ্বিনকে সবশেষ দেখা গেছে জুন-জুলাইয়ে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। ১৩ উইকেট নিয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেট থেকে বিদায় জানানোর পর এখন কোনো দল চাইলে চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই খেলতে পারবেন অশ্বিন। সামনে বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি, আইএল টি-টোয়েন্টি, বিপিএল, মেজর লিগ ক্রিকেটের হাতছানি তো আছেই। গত বছর ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে পরে এসএ টোয়েন্টি খেলেছিলেন দিনেশ কার্তিক।
