‘পান্ডিয়া পরিবারের গর্বের দিন’
স্মরণীয় ম্যাচে ছোট ভাই হার্দিকের গুজরাটের সঙ্গে হেরে গেল ক্রুনালের লক্ষ্ণৌ।
এক ভাই বিশ্ব ক্রিকেটের বেশ বড় তারকা। আরেক ভাই এখনও সেই পর্যায়ে যেতে পারেননি, তবে পরিচিত মুখ। হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে তাই পরিবারের গর্বের শেষ নেই। ক্রিকেট বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে এবার অধিনায়ক হিসেবে মুখোমুখি হলেন দুই ভাই!
আহমেদাবাদে রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। টস করতে নেমেই আইপিএলের ইতিহাসের একটি পাতায় নাম উঠে যায় হার্দিক ও ক্রুনালের।
দুই ভাই আইপিএলে খেলছেন কিংবা প্রতিপক্ষ হিসেবে লড়াই করছেন, আইপিএলে এমন নজির আছে অনেক। যেমন- ইরফান পাঠান ও ইউসুফ পাঠান, মাইক হাসি ও ডেভিড হাসি, দিপক চাহার ও রাহুল চাহার, ব্রেন্ডন ম্যাককালাম ও ন্যাথান ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো ও ড্যারেন ব্রাভো, আছেন আরও।
কিন্তু প্রতিপক্ষ দলের অধিনায়ক দুই ভাই, ভারতের এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এমন ঘটনার সাক্ষী হলো প্রথমবার।
লক্ষ্ণৌর লোকেশ নিয়মিত অধিনায়ক রাহুলের চোটেই মূলত এমনটা সম্ভব হলো। গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান নিতম্বের টেন্ডনে টান লাগে তার। এতে পুরো আসর থেকেই ছিটকে যান তিনি।
এরপর আসরের বাকি সময়ের জন্য ক্রুনালের কাঁধে নেতৃত্বভার তুলে দেয় লক্ষ্ণৌ। দলটির অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত বুধবারের ম্যাচ দিয়ে। যদিও দুই দলের লড়াইয়ে আসেনি কোনো ফল, বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ।
লক্ষ্ণৌয়ের নেতা হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেই ছোট ভাই হার্দিকের মুখোমুখি হলেন ক্রুনাল। গত আসর থেকেই গুজরাটের অধিনায়ক হার্দিক। তার নেতৃত্বে প্রথমবার আইপিএলে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় গুজরাট।
ইতিহাস গড়ার ম্যাচে টসের সময় যেন আবেগ ছুঁয়ে গেল দুই ভাইকে। টস জেতার পর ৩২ বছর বয়সী ক্রুনাল বললেন, “নিজেদের দলকে নেতৃত্ব দেওয়া এটা আমাদের জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো মুহূর্ত।”
তবে মাঠের লড়াইয়ে যে আবেগের জায়গা নেই সেটা মনে করিয়ে দিয়ে এই স্পিনিং অলরাউন্ডার বলেন, “মাঠে নেমে পড়লেই আমরা ম্যাচের আবহে ঢুকে যাব।”
বড় ভাইয়ের সঙ্গে একমত পোষণ করলেন হার্দিক। সঙ্গে বিশেষ এই মুহূর্তে প্রয়াত বাবাকে স্মরণ করলেন ২৯ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
“পরিবারের জন্য অনেক বড় ও আবেগের দিন। আমাদের বাবা দেখলে অনেক গর্ববোধ করতেন। এটা এমন একটা ঘটনা, যা প্রথমবার ঘটছে। ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে পরিবার গর্বিত। এক পান্ডিয়া জিতবে।”
ক্রুনালের সঙ্গে টসে হারলেও ম্যাচে ঠিকই জয়ের হাসি হাসেন হার্দিক। লক্ষ্ণৌকে ৫৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করে গুজরাট।
গুজরাটের এই জয়ে অবদান আছে হার্দিকের। ২ ছক্কা ও ২ চারে ১৫ বলে ২৫ রান করেন তিনি। সঙ্গে ঋদ্ধিমান সাহার ৮১, শুবমান গিলের অপরাজিত ৯৪ ও ডেভিড মিলারের ২১ রানের ইনিংসে ২ উইকেটে ২২৭ রান তোলে গুজরাট।
বল হাতে কোনো উইকেট পাননি হার্দিক। সুযোগ অবশ্য এসেছিল একবার। কিন্তু তার বলে কাইল মেয়ার্সের ক্যাচ মুঠোয় জমাতে পারেননি পয়েন্টে থাকা রশিদ খান।
ক্রুনাল ব্যাটে-বলে দুই বিভাগেই ছিলেন নিষ্প্রভ। বল হাতে পাননি উইকেট, ব্যাটিংয়ে নেমে পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ। অধিনায়কের ব্যর্থতার ম্যাচটিতে দুইশ বেশি রান তাড়ায় ১৭১ পর্যন্ত যেতে পারে লক্ষ্ণৌ।
আন্তর্জাতিক ক্যারিয়ারেও দুই ভাইয়ের গতিপথ দুই রকম। ভারতের সীমিত ওভারের দলের নিয়মিত মুখ হার্দিক। দেশের হয়ে এখন পর্যন্ত ৭৪ ওয়ানডে ও ৮৭ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। ১১ টেস্ট খেলার অভিজ্ঞতাও আছে তার। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
সেখানে অনেক পিছিয়ে ক্রুনাল। এখন পর্যন্ত ভারতের হয়ে ৫ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলেছেন এই স্পিনিং অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে তার সবশেষ ম্যাচে ২০২১ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে।
