২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় মানবিক সংকট: 'সাহসী' খাওয়াজার পাশে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে উসমান খাওয়াজার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

গাজায় মানবিক সংকট: 'সাহসী' খাওয়াজার পাশে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

লায়ন-কামিন্সদের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 05:04 PM

Updated : 02 Jan 2024, 06:02 PM

অধিনায়ক প্যাট কামিন্স ও সতীর্থদের থেকে শুরু করে বেশ কজন সাবেক ক্রিকেটারের পর এবার দেশের প্রধানমন্ত্রীকে পাশে পেলেন উসমান খাওয়াজা। মানবিকতার পক্ষে দাঁড়ানোয় বাঁহাতি ওপেনারের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরু থেকে খেলার সময় নিজের কেডস, ব্যাট বা জার্সিতে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছেন খাওয়াজা। প্রতিবারই তাকে নিয়মের বেড়াজালে আটকে দিয়েছে আইসিসি। সবশেষ ম্যাচে তাই কেডসে নিজের দুই মেয়ের নাম লিখে খেলেছেন বাঁহাতি ওপেনার।

খাওয়াজার এসব পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও জাতীয় দল। অধিনায়ক কামিন্স সংবাদ সম্মেলনে জোরাল আওয়াজই তুলেছেন বাঁহাতি ওপেনারের পক্ষে। তাকে আটকানোয় আইসিসিকে রীতিমতো এক হাত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং।

কিরিবিলি হাউজে সোমবার অস্ট্রেলিয়া ও পাকিস্তান দলকে নিয়ে নতুন বছর স্বাগত জানানোর আয়োজনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ। সেখানে খাওয়াজার কথা আলাদাভাবে তুলে ধরেন তিনি।

“মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর সাহসিকতা দেখানোয় খাওয়াজাকে আমি অভিনন্দন জানাতে চাই। সে সাহস দেখিয়েছে এবং পুরো দল তাকে যেভাবে সমর্থন দিয়েছে, দারুণ একটি বিষয়।”

পার্থে সিরিজের প্রথম ম্যাচের আগে কেডসে ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ ও ‘প্রতিটি জীবনই সমান মূল্যবান’- এই দুই বার্তা লিখে অনুশীলন করেন খাওয়াজা। কিন্তু আইসিসির 'পোশাক আইনের' পরিপন্থী বলে ম্যাচে তা ব্যবহারের অনুমতি পাননি অস্ট্রেলিয়ান ওপেনার।

পরে ওই ম্যাচে বাহুতে কালো ব্যান্ড পরে খেলেন খাওয়াজা। এটি নিয়ে আইসিসি তার বিরুদ্ধে অভিযোগ আনে পোশাক ও সরঞ্জাম আইনের ‘এফ’ ধারা ভঙ্গের। খাওয়াজা তখন বলেন, তিনি কালো ফিতা বেঁধেছিলেন ‘ব্যক্তিগত শোকের’ কারণে এবং আইসিসির অভিযোগের বিরুদ্ধেও লড়াইয়ের ঘোষণা দেন তিনি।

যা চলমান থাকে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টেও। ওই ম্যাচের আগে কেডসে কোনো বার্তা না লিখে একটি ঘুঘু পাখির মুখে জলপাই শাখা সম্বলিত লোগোসহ কেডস পরে অনুশীলন করেন অস্ট্রেলিয়ান ওপেনার।

বৈশ্বিক মানবাধিকারের সার্বজনীন ঘোষণা অনুযায়ী ম্যাচেও এটি ব্যবহারের অনুমতি চান খাওয়াজা। ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের ছাড়পত্রও তিনি পান। কিন্তু আইসিসি তাকে এটি ব্যবহারের অনুমতি দেয়নি। তাদের যুক্তি, আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিগত বার্তা প্রকাশ করা যাবে না পোশাকে।  

শেষ পর্যন্ত মেলবোর্নে কেডসে দুই মেয়ের নাম লিখে খেলতে নামেন খাওয়াজা। ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও মানবিক সঙ্কট নিয়েই তার এই লড়াই বলে ধারণা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে বেশ সোচ্চার অস্ট্রেলিয়ান ওপেনার।

সিডনিতে বুধবার শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচের আগে খাওয়াজার নতুন কোনো পদক্ষেপের ব্যাপারে জানা যায়নি।