‘পাওয়ার হিটিংয়ের জন্য’ দলে শামীম, রনিকে নেওয়া ‘সবার জন্য বার্তা’
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও নির্বাচক হাবিবুল বাশার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনা হয়েছে বেশ কিছু। গত বিশ্বকাপের দল থেকে এই সিরিজে বদল আনা হয়েছে ৫টি। টি-টোয়েন্টি দল নিয়ে নতুন চিন্তা-ভাবনার প্রয়াসও কিছুটা ফুটে উঠেছে এই স্কোয়াডে।
প্রায় ৮ বছর পর রনি তালুকদারকে দলে ফেরানো হয়েছে ৩২ বছর বয়সে, বাংলাদেশের বাস্তবতায় যা বেশ বিরল। বিপিএলে পারফর্ম করা তৌহিদ হৃদয়, তানভির ইসলাম যেমন পেয়েছেন পুরস্কার, খুব বেশি ভালো না করলেও ফেরানো হয়েছে শামীম হোসেনকে। এতদিন যাকে মূলত দেখা গেছে টেস্ট স্কোয়াডে, সেই পেসার রেজাউর রহমান রাজাকে টি-টোয়েন্টি দলে নেওয়াটাও কৌতূহল জাগানিয়া।
দল ঘোষণার পরদিন বৃহস্পতিবার নিজ বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৌতূহল গুলো মেটানোর চেষ্টা করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনে আরেক নির্বাচক হাবিবুল বাশারও ব্যাখ্যা করলেন বিস্তারিত।
রনি তালুকদার (বয়স ৩২, এবারের বিপিএলে রান ৩৫.৪১ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৪২৫)
মিনহাজুল আবেদীনের কথা:
“সংক্ষিপ্ত সংস্করণে আমরা টপ-অর্ডারে কিছু খেলোয়াড় চাচ্ছি, যাদের সামর্থ্য আছে, হিটিং পাওয়ার আছে। ও অনেকগুলো বিপিএলে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে, ধারাবাহিকভাবে খেলেছে। এমন না যে বয়স হয়ে গেছে। বয়সটা বড় ব্যাপার না। এখানে আমরা সুযোগের মাপকাঠি দিয়েছি পারফরম্যান্স। রনি যে সুযোগ পেয়েছে, যেই প্ল্যাটফর্মে এসেছে, নিজেকে মেলে ধরতে পারলে...আমরাও ভালো কিছু আশা করছি।"
হাবিবুল বাশারের কথা :
“অবশ্যই এটা সবার জন্য একটা বার্তা (পারফর্ম করলে যে কোনো বয়সে দলে জায়গা মিলতে পারে)। সত্যি বলতে, অনেক সময় অনেকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পায় না, কারণ জায়গা ফাঁকা থাকে না। রনির ক্ষেত্রে এবার এটাও ব্যাপার ছিল যে টপ অর্ডারে জায়গা ছিল। টপ অর্ডারে আমরা অনেক দিন থেকেই অনেককে চেষ্টা করছি। তারা খুব ভালো করতে পারেনি। এখন লিটন, শান্ত আছে। বিকল্পও তো লাগবে আমাদের।”
“রনি বরাবরই শর্ট বল বেশ ভালো খেলত। এবারের বিপিএলে চোখে পড়ার মতো যেটা ছিল, খুব নিবিড়ভাবে ওকে অনুসরণ করেছি, উইকেটের চারপাশে খুব ভালো খেলেছে ও। লং অন, লং অফ, কাভার, ইনসাইড আউট, কাট, মিড উইকেটের সামনে, সব দিকে খেলেছে। মনে হয়েছে, ওর শটের রেঞ্জ অনেক বেড়েছে। ভালো শট খেলেছে।”
“বয়সের ক্ষেত্রে একটা ব্যাপার কী, সবসময় ভবিষ্যৎ ভাবলে চলবে না, কখনও কখনও তো বর্তমানও ভাবতে হবে। একজন ক্রিকেটার যদি ভালো করতে থাকে, উন্নতির ছাপ রাখে, তাহলে কেন নেব না? হ্যাঁ, অনেক সময়ই ভবিষ্যতের কথা ভাবতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কেউ ফিট থাকলে, পারফর্ম করলে যে কোনো বয়সের কাউকে নেওয়া উচিত।”
“রনির ফিটনেস নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। তবে আমাদের কাছে খারাপ মনে হয়নি। জাতীয় দলের বাইরে থাকলে অনেক সময়ই ফিটনেস সেরা পর্যায়ের থাকে না। রনিকে বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রামে দেখেছি, বেশ খেটেছে। টাইগার্সের পর আবার ঘরোয়া ক্রিকেটে ফিরে গেছে, ওখানে কতটা ধরে রাখতে পেরেছে জানি না তবে আরও ভালো করার সুযোগ আছে। জাতীয় দলের সঙ্গে থাকলে উন্নতির সুযোগ আছে এখানেও।”
শামীম হোসেন (বয়স ২২, এবারের বিপিএলে রান ২৯.১৬ গড় ও ১৩৫.৬৫ গড়ে ১৭৫)
মিনহাজুল আবেদীনের কথা:
“২০২১ বিশ্বকাপের পর ধারাবাহিকভাবে ছিল না। ওকে এইচপিতে নার্সিং করা হয়েছে। আমাদের প্রোগ্রামে যথেষ্ট ভালো করেছে। তারপর এসে এবার বিপিএলেও কিছু ভালো কার্যকর পারফরম্যান্স আছে। ওর যথেষ্ট সামর্থ্য আছে এই ফরম্যাটে ভালো করার।"
হাবিবুল বাশারের কথা :
“সত্যি কথা বলতে, দলে ফেরার জন্য যে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স দরকার, শামীম তা করেনি এই বিপিএলে। তবে তাকে নেওয়া হয়েছে সুনির্দিষ্ট কারণে। আমাদের হাতে গোণা কয়েকজন ক্রিকেটারের একজন সে, যে শেষের দিকে ক্রিজে গিয়েই মারতে পারে। এজন্যই ওকে বিবেচনা করা হয়েছে এবং শেষ দিকে পাওয়ার হিটিং সামর্থ্যের কারণেই ওকে নেওয়া হয়েছে। এটাই মূল কারণ।”
“আগেও ওকে এই কারণেই নেওয়া হয়েছিল। তখন প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে এবার মনে হয়েছে, ওর খেলায় কিছুটা উন্নতি হয়েছে। আগে সবই মিড উইকেটে বা কাউ কর্নারে স্লগ করত। এখন মনে হয়েছে, একটু কাভারে, পয়েন্টে খেলছে। ব্যাটিংয়ে একটু বদল এসেছে বলেই মনে হয়েছে। টি-টোয়েন্টিতে সাধারণত অত সময় মেলে না ওর পজিশনে। তবে বিপিএলে এবার যখন সময় পেয়েছে, আগের চেয়ে ভালো মনে হয়েছে।”
“শুধু বিপিএল নয়, এইচপিতেও খেলা দেখেছি। সামর্থ্য একটু বেড়েছে মনে হয়। আরও অনেক উন্নতি করতে পারে। জাতীয় দলের সেট-আপে থাকলে অনেক কিছু শেখার আছে। ওকে বুঝতে হবে যে সুনির্দিষ্ট এক কারণে তাকে নেওয়া হয়েছে। সেখানে উন্নতি করতে অনেক কষ্ট করতে হবে।”
তানভির ইসলাম (বয়স ২৬, এবারের বিপিএলে ১৭.৫৮ গড় ও ওভারপ্রতি ৬.৩৬ রান দিয়ে ১৭ উইকেট)
হাবিবুল বাশারের কথা :
“তানভির কিন্তু নতুন ক্রিকেটার নয়। অনেক আগেই আমরা এইচপিতে নিয়েছি ওকে, ইমার্জিং দলে খেলেছে। সত্যি বলতে, ওকে এইচপিতে আরও রাখব কি না, এটা নিয়েও আমাদের কথা হয়েছে। কারণ, অনেক দিন ধরেই এইচপিতে আছে। পারফর্মও করছে। বিপিএলে টানা দুই মৌসুমে অসাধারণ বোলিং করল, ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছে। লাল বলেও ভালো করছে। দুই বছর আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেটসহ ম্যাচে ১৩ উইকেট নিয়েছে।”
“ওর ক্ষেত্রে বাধাটা ছিল যে জায়গা ফাঁকা ছিল না। সাকিব আল হাসানের পাশাপাশি তাইজুল ইসলাম, নাসুম আহমেদরা আছেন। তানভিরের কৃতিত্ব যে সে পারফর্ম করে গেছে এবং এবার জায়গাটা আদায় করে নিয়েছে। তিনটা ফরম্যাট, নানা জনকে বাজিয়ে দেখার সুযোগ আছে। আমাদের মনে হয়েছে, টি-টোয়েন্টির জন্য এখন তানভির তৈরি।”
তৌহিদ হৃদয় (বয়স ২২, এবারের বিপিএলে পারফরম্যান্স ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান)
মিনহাজুল আবেদীনের কথা:
“(ব্যাটিং পজিশন) ওকে আমরা প্রথম থেকে এইচপিতে মিডল অর্ডারেই চিন্তাভাবনা করি। যেহেতু সংক্ষিপ্ত সংস্করণের খেলা, যে কেউ যে কোনো জায়গায় ব্যাটিং করতে পারে। সুতরাং এটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কাকে কোথায় খেলাবে, কার কতটুকু সামর্থ্য আছে।"
হাবিবুল বাশারের কথা:
“হৃদয়ের দলে আসাটা আমার মনে হয় সবাই নিশ্চিত ধরেই নিয়েছিলেন। ব্যাটিং অর্ডার বলতে… এবার বিপিএলে তো ওপেনিংয়ে বা তিনে ব্যাট করেছে। জাতীয় দলে এরকম হতে পারে যে, লিটন, শান্ত, রনি, হৃদয়ের মধ্যে তিন জন হয়তো খেলবে টপ অর্ডারে। সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। তবে হৃদয়কে নিয়ে সুবিধা হলো, সে মিডল অর্ডারেও খেলতে পারে। দেখা যাক, টিম ম্যানেজমেন্ট কীভাবে ব্যবহার করে ওকে।”
রেজাউর রহমান রাজা (বয়স ২৩, এবারের বিপিএলে ১৯.৮৪ গড় ও ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে ১৩ উইকেট)
মিনহাজুল আবেদীনের কথা :
“ওকে আমরা টেস্টেও নিয়েছিলাম। আমাদের 'এ' দলের খেলাগুলোয় যথেষ্ট ভালো করেছে। আশা করছি, ওর যে সামর্থ্য আছে, ভালো করার অবশ্যই সুযোগ আছে। নিজেকে মেলে ধরতে পারলে অনেক দিন ভালো খেলতে পারবে।"
হাবিবুল বাশারের কথা :
“রাজাকে নেওয়া হয়েছে মূলত উইকেট শিকারের সামর্থ্যের কারণে। কখনও কখনও হয়তো ওর বোলিং একটু এলোমেলো থাকে। কিছু রান দেয়। তবে উইকেট নেওয়ার প্রবণতা আছে ওর। ইবাদতের মতোই সে। রাজার ফিল্ডিংটা বেশ ভালো, ব্যাটিংও পারে টুকটাক। তবে বোলিংয়ে হঠাৎ ব্যাটসম্যানকে চমকে দেওয়ার সামর্থ্য আছে। গত বছর চেন্নাই সফরেও সাদা বলে ভালো করেছে।।“
