২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোবহানার সামনে খ্যাপাটে উদযাপনে লঙ্কান ক্রিকেটারের শাস্তি

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কার কিপার-ব্যাটার আনুশকা সাঞ্জিবানিকে।

সোবহানার সামনে খ্যাপাটে উদযাপনে লঙ্কান ক্রিকেটারের শাস্তি

আউট হওয়া সোবহানা মোস্তারির (বাঁয়ে) সামনে উল্লাস করছেন আনুশকা সাঞ্জিবানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 06:47 PM

Updated : 14 Feb 2023, 06:50 PM

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে অনেকটা সময় টানেন সোবহানা মোস্তারি। তিনি আউট হলে বাঁধন হারা উল্লাসে মেতে ওঠেন লঙ্কান কিপার আনুশকা সাঞ্জিবানি। ব্যাটারের খুব কাছাকাছি গিয়ে করেন খ্যাপাটে উদযাপন।

আইসিসির নিয়মে যা ছিল মাত্রাতিরিক্ত ও আচরণবিধি লঙ্ঘন। এই কারণে সাঞ্জিবানিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত রোববার দুই দলের ম্যাচে ঘটে এই কাণ্ড। তিনে নেমে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন সোবহানা। ৫ চারে ৩২ বলে ২৯ রান করা এই ব্যাটারকে দশম ওভারে বোল্ড করে দেন চামারি আতাপাত্তু।

এরপরই উইকেটের পেছন থেকে উদযাপন করতে করতে ব্যাটারের দিকে আক্রমণাত্মকভাবে ছুটে যান সাঞ্জিবানি। তার এমন আচরণ সোবহানাকে উস্কে দেওয়ার মতো ছিল বলে মনে করছে আইসিসি।

ম্যাচ রেফারি জেএস লক্ষ্মীর কাছে নিজের ভুল স্বীকার করে নেন সাঞ্জিবানি। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ৭ উইকেটে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। ২০ ওভারে তারা করতে পারে ১২৬ রান। লঙ্কানরা জয়ের বন্দরে পৌঁছে যায় ১০ বল বাকি থাকতে।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শিরোপাধারী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।