২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্ন হবে ভারত সিরিজ’

অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং বললেন, তাদের হারাতে টার্নিং পিচই ভরসা ভারতের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 10:08 PM

Updated : 09 Feb 2023, 10:50 PM

সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজার করা ম্যাচের প্রথম স্পিন বলটি টার্ন করে অল্পের জন্য নেয়নি মার্নাস লাবুশেনের ব্যাটের কানা। সিরিজ শুরুর দিনের এই ভয়ঙ্কর ডেলিভারিই বুঝিয়ে দিচ্ছে সামনে কী অপেক্ষা করছে। সেটা স্পষ্টই বুঝতে পারছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তি মতে, ভারতের বিপক্ষে সিরিজটি হতে যাচ্ছে তার উত্তরসূরিদের জন্য দুঃস্বপ্নের। 

নাগপুরে বৃহস্পতিবার শুরু হয় বোর্ডার-গাভাস্কার সিরিজ। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে দেয় ভারত। ১ উইকেটে ৭৭ রান করে দিন শেষ করে তারা। 

ম্যাচের প্রথম দিনই পড়ে ১১টি উইকেট। যার ৯টি নেন স্পিনাররা। বাঁহাতি স্পিনে ৪৭ রানে ৫টি শিকার ধরেন হাঁটুর চোট কাটিয়ে ফেরা জাদেজা। তিনটি উইকেট নেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

ভারতের যে উইকেটটি পড়েছে, সেটিও স্পিনে। লোকেশ রাহুলকে ফিরিয়ে টেস্ট অভিষেকে উইকেটের স্বাদ পেয়েছেন ২২ বছর বয়সী অফ স্পিনার টড মার্ফি। 

ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট নিয়ে চর্চা শুরু ম্যাচের আগ থেকেই। পিচ নিয়ে নাকি কারসাজি করেছে ভারত, অভিযোগ তোলেন অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো। স্পিন সহায়ক উইকেট হবে অনুমিতই ছিল। 

সেই আলোচনায় এবার যোগ দিলেন পন্টিংও। অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রথম দিনের খেলা দেখে বললেন, তাদের হারাতে টার্নিং পিচই ভরসা ভারতের। 

“আজকের উইকেট এমন আচরণ করবে, আমি এটাই ধারণা করেছিলাম। কিছুদিন আগে পিচ দেখার পর যখন এটা নিয়ে সবাই আলোচনা শুরু করে তখন আমিও দেখেছি। ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারানোর সেরা উপায় টার্নিং উইকেট তৈরি করা। একটি কারণ, আমাদের ব্যাটসম্যানদের জন্য এই উইকেটে খেলা কঠিন হবে। আরেকটি হলো, তারা মনে করে তাদের স্পিন বোলাররা অস্ট্রেলিয়ার চেয়েও ভালো।” 

“অস্ট্রেলিয়া দুইজন অফ স্পিনার নিয়ে খেলছে এখানে, যাদের একজন অভিষিক্ত। আর এই জায়গায়ই ভারত এগিয়ে। তাই আমি বুঝতে পারছি কেন এমন পিচ বানানো হয়েছে।”