১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকায় আগামী ১৯ জানুয়ারি শুরু হবে যুবাদের শিরোপার লড়াই।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 07:23 PM

Updated : 08 Jan 2024, 08:33 PM

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্বাগতিক দেশ বদলে গেছে আগেই। এবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল আইসিসি। দক্ষিণ আফ্রিকায় আগামী ১৯ জানুয়ারি শুরু হবে যুবাদের শিরোপার লড়াই। 

আইসিসি সোমবার এই সূচি প্রকাশ করেছে। ব্লুমফন্টেইনে টুর্নামেন্টের উদ্বোধনী দিন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। পচেফস্ট্রুমে একই দিন অন্য ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র। 

বেনোনিতে ৬ ও ৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। একই মাঠে আগামী ১১ ফেব্রুয়ারি হবে ১৫তম আসরের শিরোপা নির্ধারণী লড়াই। 

ব্লুমফন্টেইনে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। একই মাঠে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই ম্যাচ ২২ (আয়ারল্যান্ড) ও ২৬ জানুয়ারি (যুক্তরাষ্ট্র)।  

প্রাথমিকভাবে আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে দেশটি আপাতত আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় দক্ষিণ আফ্রিকাকে বেছে নেওয়া হয় নতুন আয়োজক হিসেবে। ব্লুমুফন্টেইন, পচেফস্ট্রুম ও বোনোনি ছাড়াও ইস্ট লন্ডন ও কিম্বার্লিতে হবে খেলা।  

চার গ্রুপে ভাগ হয়ে ১৬ দলের এই টুর্নামেন্টে এবার খেলা হবে নতুন ফরম্যাটে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকেট। সেই ধাপেও হবে গ্রুপ পর্বে খেলা। 

‘এ’ ও ‘ডি’ গ্রুপের তিনটি করে এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের তিনটি করে দল নিয়ে করা হবে আলাদা দুইটি গ্রুপ। এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল পাবে সেমি-ফাইনাল খেলার সুযোগ। 

প্রাথমিক গ্রুপ পর্বে বাদ পড়া চার দলের জন্য থাকবে একটি করে প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ।  

‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া। ‘ডি’ গ্রুপে থাকছে নিউ জিল্যান্ড, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান। 

সর্বোচ্চ পাঁচ শিরোপা জিতে এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। অস্ট্রেলিয়া তিনবার ও পাকিস্তান জিতেছে দুইবার। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একবার করে। 

এ নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকায় বসছে যুব বিশ্বকাপের আসর। ওই দেশে সবশেষ হওয়া ২০২০ সালের বিশ্বকাপে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ।