রেজাউরের ৪ উইকেটের পর সাইফ-জাকেরের ফিফটি
তামিল নাড়ু একাদশের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ বিসিবি একাদশের এনামুল হক, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকরা।
লাল বলের পর সাদা বলেও আলো ছড়ালেন রেজাউর রহমান। তামিল নাড়ু একাদশকে আড়াইশর নিচে বেঁধে রাখতে চার উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন এই পেসার। পরে ব্যাট হাতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস উপহার দেন সাইফ হাসান ও জাকের আলি।
কিন্তু এনামুল হক, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাই চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার প্রথম একদিনের ম্যাচে ১১ রানে হারতে হয় বিসিবি একাদশকে।
আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৪২ রান করে স্বাগতিকরা। রান তাড়ায় সাইফ ও জাকেরের দারুণ দুটি ইনিংসের পরও ২৩১ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
১০ ওভারে ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন রেজাউর। প্রথম চারদিনের ম্যাচে তামিল নাড়ুকে হারানোর পথে ইনিংসে ৫ উইকেটসহ মোট ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
তিনে নেমে ৩ ছক্কা ও ৬ চারে ৯০ বলে ৭২ রান করেন সাইফ। সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে জাকের করেন ২ ছক্কা ও ৫ চারে ১১৫ বলে ৮৬। বিসিবি একাদশের হয়ে দুই অঙ্কে যেতে পারেন আর কেবল ৯ নম্বরে নামা নাঈম ইসলাম, করেন ১৩।
ভিসা জটিলতায় বিসিবি একাদশের সাদা বলের স্কোয়াডের ক্রিকেটাররা যেতে পারেননি ভারতে। তাই লাল বলের ক্রিকেটারদের নিয়েই এক দিনের ম্যাচগুলো খেলতে হচ্ছে তাদের। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক নিয়মিত মুখ নিয়ে শক্তিশালী দল সাজায় তামিল নাড়ু একাদশ।
তৃতীয় ওভারে বিসিবি একাদশকে সাফল্য এনে দেন সৈয়দ খালেদ আহমেদ। সাঁই সুদর্শনকে বোল্ড করে দেন এই পেসার। রেজাউরের প্রথম শিকার ৩৩ রান করা নারায়ণ জগদেসান। পরের ওভারে তাইজুল ইসলাম বিদায় করেন বাবা অপরাজিতকে।
এরপর চতুর্থ ও পঞ্চম উইকেটে দুইটি পঞ্চাশ ছাড়ানো জুটি পায় স্বাগতিকরা। ইনিংসে একমাত্র ফিফটি করেন তামিল নাড়ুর অধিনায়ক বাবা ইন্দ্রজিত (২ চারে ৫১)।
আইপিএলের পরিচিত মুখ শাহরুখ খানকে ফেরান মুমিনুল। ৪৬ রান করা জগথিসান কৌসিকের স্টাম্প এলোমেলো করে দেন রেজাউর। শেষ ওভারে এই পেসার ধরেন সিদ্ধার্থ ও সাই কিশোরের (২৬) উইকেট।
রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। স্রেফ ৪০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
ষষ্ঠ উইকেটে ৮১ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন সাইফ ও জাকের। ৭২ রান করে বিদায় নেন সাইফ। শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করেন কিপার-ব্যাটসম্যান জাকের। অষ্টম উইকেটে নাঈমের সঙ্গে গড়েন ৫৯ রানের জুটি।
৬ বলে যখন ১৮ রান চাই বিসিবি একাদশের, দ্বিতীয় বলে ছক্কায় জয়ের আশা জাগান জাকের। তবে পরের বলেই তাকে বোল্ড করে তামিল নাড়ুকে জেতান ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা থাঙ্গারাসু নাটরাজন।
সংক্ষিপ্ত স্কোর:
তামিল নাড়ু একাদশ: ৫০ ওভারে ২৪২/৯ (সুদর্শন ১১, জগদেসান ৩৩, অপরাজিত ১৮, ইন্দ্রজিত ৫১, শাহরুখ ৩৯, কৌসিক ৪৬, সঞ্জয় ১১, কিশোর ২৬, সিদ্ধার্থ ৩, সন্দীপ ১*; খালেদ ৯-০-৫৮-১, সাইফ ১-০-৭-০, তাইজুল ১০-০-৩৭-১, রাজা ১০-০-৫০-৪, নাইম ১০-০-৪৪-২, মুমিনুল ১০-০-৪৪-১)
বিসিবি একাদশ: ৪৯.৩ ওভারে ২৩১ (বিজয় ৩, জয় ১, সাইফ ৭২, মুমিনুল ১, মিঠুন ১, তৌহিদ ৬, জাকের ৮৬, তাইজুল ৭, নাইম ১৩, রাজা ২, খালেদ ৭*; সন্দীপ ৭-১-২৬-২, নাটরাজন ৮.৩-৪৬-৩, কিশোর ১০-২-২৫-২, সিদ্ধার্থ ৮-০-৩৫-০, কৌসিক ২-০-১১-০, অপরাজিত ৫-০-২৪-১, সঞ্জয় ৭-০-৩১-২, শাহরুখ ২-০-২৩-০)
ফল: তামিল নাড়ু একাদশ ১১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাই কিশোর
