২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রুটের রেকর্ডময় দিনে ইংল্যান্ডের বড় লিড

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড পৌঁছে গেছে দুইশর কাছে, পঞ্চাশ পেরিয়ে এখনও অপরাজিত আছেন বেন স্টোকস।

রুটের রেকর্ডময় দিনে ইংল্যান্ডের বড় লিড
৩৮ নম্বর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন জো রুট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 12:15 AM

Updated : 26 Aug 2026, 01:27 PM

আগের টেস্টের ছন্দ ধরে রেখে সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি উপহার দিলেন জো রুট। দেড়শ ছোঁয়া ইনিংস খেলে এই তারকা নাম লেখালেন রেকর্ডের অনেক পাতায়। সঙ্গে অলিভার পোপ ও বেন স্টোকসের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ইংল্যান্ডের লিড পৌঁছে গেল দুইশর কাছে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন খেলা হওয়া ৮৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকদের রান এখন ৭ উইকেটে ৫৪৪। লিড হয়ে গেছে ১৮৬।

আগের দিন বল হাতে ৫ উইকেট নেওয়া স্টোকস অপরাজিত আছেন ৭৭ রানে।

দিনের উজ্জ্বলতম নাম অবশ্যই রুট। ৩৮ নম্বর টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে ২৪৮ বলে ১৪ চারে ১৫০ রান করেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান। 

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চার নম্বরে তিনি বসেছেন কুমার সাঙ্গাকারার পাশে। একে একে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠেছেন দুই নম্বরে (১৩ হাজার ৪০৯)। এখন তার সামনে বড় চ্যালেঞ্জ সাচিন টেন্ডুলকারকে ছাড়ানোর (১৫ হাজার ৯২১)।

২ উইকেটে ২২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম দিন ১১ রানে অপরাজিত রুট প্রথম ঘন্টায় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্রাবিড় ও ক্যালিসকে ছাড়িয়ে যান যথাক্রমে ৩০ ও ৩১ রানে পৌঁছে।

দ্বিতীয় দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অলিভার পোপকে নিয়ে পরের ঘন্টাও নির্বিঘ্নে কাটিয়ে দেন রুট। প্রথম সেশনে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে তোলে ১০৭ রান। এই সময়ের মাঝে রুট পঞ্চাশে পা রাখেন ৯৯ বলে, পোপের লাগে ৯৩ বল। 

লাঞ্চ বিরতির পর তৃতীয় ওভারে পোপকে ফিরিয়ে (১২৮ বলে ৭১) ১৪৪ রানের জুটি ভাঙেন স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দার। এক ওভার পর তিনি ফিরিয়ে দেন হ্যারি ব্রুককেও।

রুট এরপর আরেকটি শতরানের জুটি গড়েন স্টোকসকে সঙ্গে নিয়ে। ভারতের বিপক্ষে টেস্টে ১২তম ও সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ১৭৮ বলে।

স্টোকস ফিফটিতে পা রাখেন ৯৭ বলে। পায়ে ক্র্যাম্প করায় ৬৬ রানে মাঠ ছেড়ে যান ইংলিশ অধিনায়ক।

১২০ রানে পৌঁছে পন্টিংকে ছাড়িয়ে যান রুট। দেড়শ ছোঁয়ার পরই রাভিন্দ্রা জাদেজার বলে স্টাম্পড হয়ে ফেরেন তিনি।

টিকতে পারেননি কিপার-ব্যাটসম্যান জেমি স্মিথ। তাকে ফিরিয়ে ম্যাচে প্রথম উইকেটের দেখা পান জাসপ্রিত বুমরাহ। দ্রুতই ক্রিস ওকসকে বোল্ড করে দেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। 

স্টোকস এরপর ব্যাটিংয়ে নামেন আবার। লিয়াম ডসনকে নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দেন তিনি। চতুর্থ দিনে তার সামনে সেঞ্চুরির হাতছানি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩৫৮ 

ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২২৫/২) ১৩৫ ওভারে ৫৪৪/৭ (পোপ ৭১, রুট ১৫০, ব্রুক ৩, স্টোকস ৭৭*, স্মিথ ৯, ডসন ২১*, ওকস ৪; বুমরাহ ২৮-৫-৯৫-১, আনশুল ১৮-১-৮৯-১, সিরাজ ২৬-৪-১১৩-০, শার্দুল ১১-০-৫৫-০, জাদেজা ৩৩-০-১১৭-২, ওয়াশিংটন ১৯-৪-৫৭-২)

আরও পড়ুন:

এক ইনিংসে জো রুটের যত কীর্তি

দ্রাবিড় ও ক্যালিসের পর পন্টিংকে ছাড়িয়ে দুইয়ে রুট

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে সাঙ্গাকারার পাশে রুট