এক ইনিংসে জো রুটের যত কীর্তি
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দেড়শ ছোঁয়া ইনিংস খেলার পথে একের পর এক রেকর্ডের পাতায় নাম লেখালেন ইংলিশ তারকা।
দিনের প্রথম ডেলিভারির সময় টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন পাঁচ নম্বরে, দিনের খেলা শেষের অনেক আগেই পৌঁছে গেলেন দুই নম্বরে। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দেড়শ ছোঁয়া ইনিংস খেলার পথে একের পর এক রেকর্ডের পাতায় নাম লেখালেন জো রুট।
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ১১ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে রুট আউট হন ১৫০ রানে। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানের ২৪৮ বলের ইনিংসটি গড়া ১৪ চারে।
এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যানের ইনিংসটি আঁচর কেটেছে রেকর্ড বইয়ের কত পাতায়।
১৩৪০৯
টেস্ট ক্রিকেটে রুটের রান এখন ১৩ হাজার ৪০৯, ক্রিকেটের অভিজাত সংস্করণে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন কেবল সাচিন টেন্ডুলকার (১৫ হাজার ৯২১)।
তৃতীয় দিন রুট একে একে ছাড়িয়ে যান রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮), জ্যাক ক্যালিস (১৩ হাজার ২৮৯) ও রিকি পন্টিংকে (১৩ হাজার ৩৭৮)।
৩৮
রুটের টেস্ট সেঞ্চুরি হলো ৩৮টি। এই সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চার নম্বরে কুমার সাঙ্গাকারার পাশে বসলেন তিনি। তাদের ওপরে আছেন পন্টিং (৪১), ক্যালিস (৪৫) ও টেন্ডুলকার (৫১)।
১০৪
রুটের পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ১০৪টি, টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেলেন ক্যালিস ও পন্টিংকে, দুজনেরই ১০৩টি করে।
১১৯ বার এই স্বাদ পেয়ে চূড়ায় আছেন টেন্ডুলকার।
১২
ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় এককভাবে চূড়ায় উঠলেন রুট (১২টি)। এখানে তিনি ছড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে (১১টি)। ৮টি করে আছে গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও পন্টিংয়ের।
কোনো একটি দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় রুট আছেন যৌথভাবে তিন নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ১২টি সেঞ্চুরি আছে স্টিভেন স্মিথের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২টি আছে জ্যাক হবসের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি সেঞ্চুরি করে দুই নম্বরে আছেন সুনিল গাভাস্কার। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বার শতকের স্বাদ পেয়ে চূড়ায় সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত স্যার ডন ব্র্যাডম্যান।
৯
ভারতের বিপক্ষে রুটের ১২ সেঞ্চুরির ৯টি ঘরের মাঠে। দেশের মাঠে কোনো একটি দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এককভাবে চূড়ায় বসলেন তিনি। ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮টি সেঞ্চুরি করা ব্র্যাডম্যানকে।
২৩
ঘরের মাঠে টেস্টে রুটের সেঞ্চুরি হলো ২৩টি, এক্ষেত্রে যা টেস্ট ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। ঘরের মাঠে ২৩টি করে সেঞ্চুরি আছে আরও তিন জনের- মাহেলা জায়াওয়ার্দেনে, ক্যালিস ও পন্টিং। ২২টি করে আছে টেন্ডুলকার ও সাঙ্গাকারার।
৫৬
আন্তর্জাতিক ক্রিকেটে রুটের সেঞ্চুরি হলো ৫৬টি। এই তালিকায় হাশিম আমলাকে (৫৫) ছাড়িয়ে গেলেন তিনি। তার ওপরে আছেন পাঁচ জন- ক্যালিস (৬২), সাঙ্গাকারা (৬৩), পন্টিং (৭১), ভিরাট কোহলি (৮২) ও টেন্ডুলকার (১০০)।
২০
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রুট আরও সমৃদ্ধ করলেন ২০ নম্বর শতকে। ১৩টি শতক করে দুইয়ে আছেন স্টিভেন স্মিথ। ১১টি করে আছে মার্নাস লাবুশেন ও কেন উইলিয়ামসনের। শতকের দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ।
১৬
রুটের দেড়শ ছোঁয়া ইনিংস হলো ১৬টি, যা টেস্টে জায়াওয়ার্দেনের সঙ্গে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ। তাদের ওপরে আছেন ব্র্যাডম্যান (১৮), সাঙ্গাকারা (১৯), ব্রায়ান লারা (১৯) ও টেন্ডুলকার (২০)।
১১২৮
ওল্ড ট্র্যাফোর্ডে রুটের মোট টেস্ট রান এটি। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে এই মাঠে হাজার রানের কীর্তি গড়লেন তিনি, ২০ ইনিংসে। ১৩ ইনিংসে ৮১৮ রান করে এই তালিকায় দুইয়ে সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেনিস কম্পটন।
৫৮৮
ভারতের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজার বিপক্ষে ৩৭ ইনিংসে রুটের রান হলো ৫৮৮, টেস্টে কোনো এক বোলারের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের যা সর্বোচ্চ। রুট ছাড়িয়ে গেলেন স্টিভেন স্মিথকে। সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে ৪৯ ইনিংসে ৫৭৭ রান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের।
