২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে টেস্টেও বাড়ল টিকেটের দাম

ওয়ানডের মতো চট্টগ্রামে টেস্টের টিকিট পাওয়া যাবে দুটি বুথে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 07:13 PM

Updated : 13 Dec 2022, 12:23 AM

ওয়ানডের পর টেস্ট ম্যাচের টিকেটের দামও বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় দ্বিগুণ করা হয়েছে বাংলাদেশ ও ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের টিকেটের দাম।

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে টিকেটের মূল্য জানায় বিসিবি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার থেকে শুরু প্রথম টেস্ট দেখার জন্য গুনতে হবে প্রতিদিন সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা ।

নগরীর কাজীর দেউরিতে অবস্থিত এম. এ. আজিজ স্টেডিয়াম ও বিটাক মোড়ের সাগরিকা কাউন্টারে পাওয়া যাবে টিকেট। ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হবে টিকেট বিক্রি। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও বিক্রি করা হবে টিকেট।

এই ম্যাচে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপাটিলিটিতে বসে খেলা দেখার জন্য প্রতিদিন গুনতে হবে ১ হাজার টাকা। এছাড়া ছাউনিযুক্ত আন্তর্জাতিক স্ট্যান্ডে ৫০০ ও ক্লাব হাউজের টিকেটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা করে।

পুরোপুরি খোলা আকাশের নিচে পূর্ব গ্যালারির টিকেট কিনতে হবে ২০০ টাকা দিয়ে। ঠিক বিপরীতে পশ্চিম গ্যালারির টিকেটের দাম ১০০ টাকা।

গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপাটিলিটির টিকেটের দাম ছিল ৫০০ টাকা।

এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছিল ৫০ টাকা।

এবার প্রতিপক্ষ ভারতের মতো বড় দল হওয়ায় টিকেটের দাম বাড়ানো হতে পারে বলে আগেই আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।