‘৩৫০’ ছুঁয়ে জাদেজার ৩ কীর্তি
দারুণ কয়েকটি অর্জনে নাম লেখালেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার।
রাভিন্দ্রা জাদেজার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি সজোরে ড্রাইভ করলেন কেশারা নুওয়ান্থা। সিলি পয়েন্টে লাফিয়ে উঠে বলটি এড়ানোর চেষ্টা করেও পারলেন না ইয়াশাসভি জয়সওয়াল। তার ঊরুতে লেগে ওপরে উঠে বল চলে গেল কাভারের দিকে। সেখানে সহজেই মুঠোয় জমালেন শুবমান গিল।
দুর্ভাগ্যজনকভাবে আউট হলেন নুওয়ান্থা। নাটকীয় এই উইকেট নিয়ে মাইলফলক ছুঁলেন জাদেজা।
এটি ছিল জাদেজার ৩৫০তম টেস্ট উইকেট। ৯০তম টেস্টে মাইলফলকটি ছুঁয়ে দারুণ কয়েকটি অর্জনে নাম লিখিয়েছেন ভারতের ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে ৩৫০ বা এর বেশি উইকেট নেওয়া তৃতীয় বাঁহাতি স্পিনার তিনি। আগের দুজন শ্রীলঙ্কার রাঙ্গানা হেরাথ (৪৩৩) ও নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি (৩৬২)।
আর কোনো বাঁহাতি স্পিনারের ৩০০ উইকেটও নেই। ২৯৭ উইকেট নিয়ে চারে আছেন ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড, ২৭১ উইকেট নিয়ে পাঁচে বাংলাদেশের তাইজুল ইসলাম।
ব্যাট হাতে চার হাজার রানের মাইলফলক আগেই ছুঁয়েছেন জাদেজা। টেস্টে চার হাজার বা এর বেশি রান ও ৩৫০ বা এর বেশি উইকেটের ‘ডাবল’ ছোঁয়া ভারতের দ্বিতীয় ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার তিনি।
এই ক্লাবের প্রথম তিন সদস্য হলেন ভারতের কাপিল দেব (পাঁচ হাজার ২৪৮ রান, ৪৩৪ উইকেট), ইংল্যান্ডের ইয়ান বোথাম (পাঁচ হাজার ২০০ রান, ৩৮৩ উইকেট) ও ভেটোরি (চার হাজার ৫৩১ রান, ৩৬২ উইকেট)।
এছাড়া ৩৫০ বা এর বেশি টেস্ট উইকেট শিকারি পঞ্চম ভারতীয় বোলার হলেন জাদেজা। আগের চার জন আনিল কুম্বলে (৬১৯ উইকেট), রাভিচান্দ্রান অশ্বিন (৫৩৭ উইকেট), কাপিল (৪৩৪ উইকেট) ও হারভাজান সিং (৪১৭)।
৩৪৮ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলতে নামেন জাদেজা। ম্যাচের তৃতীয় দিন সোমবার লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভাকে ফিরিয়ে মাইলফলকের পথে এগিয়ে যান তিনি। এরপর নুওয়ান্থার ওই উইকেট নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান অভিজ্ঞ এই ক্রিকেটার।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সব মিলিয়ে তার শিকার ৫৭ রানে ৩ উইকেট।
