রাজকোট টেস্টেই অশ্বিনকে পাচ্ছে ভারত
টেস্টের মাঝপথে দল ছেড়ে যাওয়া অফ স্পিনার চতুর্থ দিনে আবার যোগ দিচ্ছেন দলের সঙ্গে।
ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে ভারতের সম্ভাবনায় বড় প্রেরণার উপকরণ যোগ হলো। টেস্টের মাঝপথে দল ছেড়ে যাওয়া রবিচন্দ্রন অশ্বিন আবার সেখানেই যোগ দিচ্ছেন দলের সঙ্গে। চতুর্থ দিন লাঞ্চ বিরতির মধ্যে মাঠে পৌঁছে যেতে পারেন এই অফ স্পিনার।
টেস্টের দ্বিতীয় দিনের খেলার পর মায়ের অসুস্থতার খবর জেনে রাতেই চেন্নাইয়ের পথে রওনা হন তিনি। তখন ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজকোট টেস্টে আর দেখা যাবে না তাকে। তবে রোববার বিসিসিআই আবার জানায়, এ দিনই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
পুরো একটি দিন মাঠের বাইরে থাকার পরও আম্পায়াররা অনুমতি দিলে মাঠে ফেরা মাত্রই বোলিং করতে পারবেন অশ্বিন। আম্পায়াররা যদি মনে করেন ‘অসুস্থতা বা চোট ছাড়াও পুরোপুরি গ্রহণযোগ্য অন্য কোনো কারণে’ কোনো ক্রিকেটার বাইরে ছিলেন, তাহলে তারা সেই ক্রিকেটারের ‘পেনাল্টি টাইম’ তুলে নিতে পারেন। অশ্বিনের ক্ষেত্রে সেই বিবেচিত হওয়ার কথা।
টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার জ্যাক ক্রলির উইকেট নিয়ে ৫০০ টেস্ট উইকেট পূর্ণ করেন অশ্বিন। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে এবং ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। পরে রাত ১১টার দিকে তার দল ছেড়ে যাওয়ার খবর জানায় বিসিসিআই।
টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রান তুলেছে ৪ উইকেটে ২৭০। বিশাল এই লিডের পর শেষ ইনিংসে অশ্বিনকে পাওয়া মানে তাদের জয়ের সম্ভাবনাও অনেকটা বেড়ে যাওয়া।
