২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোসাদ্দেকের ঝড় ছাপিয়ে আল মামুন-প্রিতমের সেঞ্চুরি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর ঘরোয়া লিগেও রান পেলেন আশিকুর, তবে তিনশর বেশি রান তুলেও হেরেছে তার দল।

মোসাদ্দেকের ঝড় ছাপিয়ে আল মামুন-প্রিতমের সেঞ্চুরি

ব্যাট হাতে মোসাদ্দেক ঝড় তুললেও শেষ পর্যন্ত হেরে গেছে তার দল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 07:25 PM

Updated : 24 Dec 2023, 07:52 PM

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করা আশিকুর রহমান রানের দেখা পেলেন ঘরোয়া ক্রিকেটেও। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকেই ফিফটি করলেন এই ওপেনার। পরে ফিফটি করলেন অভিজ্ঞ মার্শাল আইয়ুব। শেষ দিকে ঝড়ো ফিফটি উপহার দিলেন মোসাদ্দেক হোসেন। কিন্তু দিন শেষে সব বিফলে গেল প্রতিপক্ষের দুই তরুণের ব্যাটের দাপটে। দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে তিনশ ছাড়ানো রানের চ্যালেঞ্জ টপকে দলকে জেতালেন আব্দুল্লাহ আল মামুন ও প্রিতম কুমার।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৫০ ওভারের সংস্করণে নতুন মৌসুমের প্রথম দিনে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের ৩০৫ রান উত্তরাঞ্চল টপকে যায় ৯ বল বাকি রেখে।

উত্তরাঞ্চলের হয়ে ৬ চার ও ৫ ছক্কায় ১১৫ বলে ১০০ করেন আল আমুন। প্রিতমের ব্যাট থেকে আসে ৮ চার ও ২ ছক্কায় ১১২ বলে ১০৮ রানের ইনিংস। দুই তরুণেরই এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।

সেঞ্চুরির আগে বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা ২০ বছর বয়সী অলরাউন্ডার আল মামুন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণাঞ্চল দ্বিতীয় ওভারেই হারায় ওপেন করতে নামা অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে।

দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন আশিকুর ও ফজলে মাহমুদ রাব্বি। ৩ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৩১ রান করে বিদায় নেন অভিজ্ঞ ফজলে মাহমুদ।

এরপর দলকে আরও এগিয়ে নেয় আশিকুর ও মার্শালের ৫৬ রানের জুটি। লিস্ট ‘এ’ অভিষেকে ৬ চার ও ২ ছক্কায় ৭৪ বলে ৬০ রান করে আউট হন কদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যান অব দা টুর্নামেন্ট হওয়া আশিকুর।

এরপর আরেকটি অর্ধশত রানের জুটি গড়ে তোলেন মার্শাল ও নুরুল হাসান সোহান। রানের গতি অবশ্য খুব ভালো ছিল না দুজনের। ৮০ বলে ৬১ রান করেন মার্শাল। দক্ষিণাঞ্চল অধিনায়ক সোহান ৩১ করেন ৫৪ বলে।

পরের জুটিতে ব্যাটিং তাণ্ডবে দলকে তিনশ পার করান মোসাদ্দেক ও সোহাগ গাজী। ৭ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। সোহাগের ব্যাট থেকে আসে ১৯ বলে অপরাজিত ৩১।

দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৪৭ বলে রান ওঠে ৯৩!

রান তাড়ায় উত্তরাঞ্চলের হয়ে শুরুতেই বিধ্বংসী হয়ে ওঠেন হাবিবুর রহমান। সোহাগ গাজীর প্রথম ওভারে এক ছক্কা ও দুই চার মারেন তিনি। ছক্কা ও চার মারেন তিনি অভিজ্ঞ পেসার কামরুল ইসলাম রাব্বির ওভারেও। সোহাগের পরের ওভারে আরেকটি ছক্কা মেরেই তিনি আউট হয়ে যান। তবে তার ১৫ বলে ৩৪ রানের ইনিংস দলকে পথে তুলে দেয়।

তিনে নামা অমিত হাসান ফেরেন অল্পতেই। তবে তৃতীয় উইকেটে আব্দুল্লাহ আল মামুন ও প্রিতম কুমারের জুটি দলকে জয়ের পথে এগিয়ে নেয় অনেকটা। ১৮২ রানের দুর্দান্ত বন্ধন গড়ে তোলেন দুই তরুণ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম ম্যাচ খেলতে নামা আল মামুন প্রথম সেঞ্চুরিতে পা রাখেন ১১৪ বলে। এরপরই অবশ্য আউট হয়ে যান তিনি অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকের বলে।

ত্রয়োদশ লিস্ট ‘এ’ ম্যাচ খেলতে নামা প্রিতমের শতরান আসে ১০৮ বলে। তিনিও শেষ পর্যন্ত টিকতে পারেননি। তবে দলকে বিপাকে পড়তে হয়নি। তাইবুর রহমান ও আকবর আলি দারুণভাবে শেষ করে দেন ম্যাচ।

১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন তাইবুর। বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে টানা দুই বলে ছক্কা ও চারে ম্যাচ শেষ করা অধিনায়ক আকবর ১৬ বলে করেন অপরাজিত ২৩।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল: ৫০ওভারে ৩০৫/৫ (আশিকুর ৬০, মিঠুন ৪, ফজলে মাহমুদ ৩১, মার্শাল ৬১, সোহান ৩৪, মোসাদ্দেক ৬৯*, সোহাগ ৩১*; শহিদুল ১০-১-৬৫-১, ইয়াসিন ৯-০-৫০-২, নাহিদুল ৭-০-৩৯-১, সানজামুল ৫-০-৩০-০, তাইবুর ৭-০-৩০-০, আল মামুন ৭-০-৪৪-১, আমিনুল ৫-০-৪২-০)

উত্তরাঞ্চল: ৪৮.৩ ওভারে ৩০৬/৪ (হাবিবুর ৩৪, আল মামুন ১০০, অমিত ১০, প্রিতম ১০৮, তাইবুর ২২*, আকবর ২৩*; সোহাগ ৭.৩-০-৫৪-২, কামরুল ৭-০-৫৪-০, মুকিদুল ৫-০-৩৬-১, মুরাদ ৯.৩-০-৬৬-০, মোসাদ্দেক ১০-০-৩৩-০, ওয়াসি ৯-০-৫৮-১, মিঠুন ০.৩-০-২-০)

ফল: উত্তরাঞ্চল ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আব্দুল্লাহ আল মামুন