জয় ও জাকিরকে 'অভয়' দিলেন কোচ
মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে যথেষ্ট সুযোগ দেওয়ার আশ্বাস চান্দিকা হাথুরুসিংহের।
লম্বা সময় পর ফিরে প্রথম ইনিংসেই রান পেয়েছেন মাহমুদুল হাসান জয়। জাকির হাসানের বিরতি দীর্ঘ না হলেও, আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি তার জন্য ছিল চোট কাটিয়ে ফেরার ম্যাচ। দারুণ ফিফটিতে রাঙিয়েছেন বাঁহাতি ওপেনার। দুজনের ব্যাটিংয়েই শীর্ষ পর্যায়ে টিকে থাকার রসদ দেখতে পেয়েছেন চান্দিকা হাথুরুসিংহে।
মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ৫৪৬ রানে জেতা ম্যাচে জোড়া সেঞ্চুরি করে আলো প্রায় পুরোটা নিজের দিকে টেনে নেন নাজমুল হোসেন শান্ত। পাদপ্রদীপের আলোর বাকিটা টেনে নেন তিন পেসার তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম। তাই আড়ালেই পড়ে গেছে বাকিদের পারফরম্যান্স।
তবে প্রধান কোচের নজর এড়ায়নি বাকিদের অবদান। বিশেষ করে দুই ওপেনার জয় ও জাকিরের ব্যাটিংয়ে মুগ্ধ হাথুরুসিংহে। দুই ইনিংসে শান্তর সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে পার্শ্বনায়কের ভূমিকা পালন করেন দুজন। প্রথম ইনিংসে ২১২ রানের জুটি গড়েন জয়। দ্বিতীয়টিতে জাকির বাঁধেন ১৭৩ রানের জোড়।
দ্বিতীয় ইনিংসে জাকির করেন ৯৫ বলে ৭১ রান। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে বাঁহাতি ওপেনারের তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে অভিষেকে ১২৪ রানের পর দ্বিতীয় ম্যাচে তিনি খেলেন ৫৫ রানের ইনিংস।
আর ৯ ম্যাচের ক্যারিয়ারে চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংসে জয় করেন ৭৬ রান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই নিউ জিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে তার ব্যাট থেকে এসেছিল ২২৮ বলে ৭৮ রানের ইনিংস। পরে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম সেঞ্চুরিতে ৩২৬ বল মোকাবিলায় করেন ১৩৮ রান।
তবে আফগানিস্তান ম্যাচের আগে টানা সাত ইনিংসে পঞ্চাশ ছুঁতে না পারায় দল থেকে বাদ পড়েছিলেন জয়। এবারও তার একাদশে সুযোগ পাওয়া নিশ্চিত ছিল না। শেষ মুহূর্তে তামিম ইকবাল পিঠের চোটে ছিটকে যাওয়ায় জাকিরের সঙ্গে ইনিংস সূচনার দায়িত্ব পান ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
পরের সিরিজে তামিম ফিরলে হয়তো জয় ও জাকিরের মধ্যে যে কোনো একজনকে ছাড়তে হবে জায়গা। তবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে আশ্বাস দিয়েছেন, তাদেরকে ছুঁড়ে ফেলা হবে না।
“অবশ্যই এই ছেলেরা লম্বা সুযোগ পাবে। কারণ তারা ভালো খেলেছে। জাকির তিনটি ম্যাচ খেলেছে। এরই মধ্যে একটি সেঞ্চুরি ও দুইটি ফিফটি করেছে। আর জয়ের রেকর্ড দেখুন... ৯টি ম্যাচ খেলেছে, বিদেশের মাঠে সেঞ্চুরি আছে, একটি বড় ফিফটিও করেছে। তো ওরা এই পর্যায়ে খেলতে পারে।”
“জাকিরকে এবারই প্রথম দেখলাম। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর সে চোটের কারণে ছিটকে যায়। তার ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে। খুবই দারুণ লেগেছে তার ব্যাটিং। পেস ও স্পিনে সমান দক্ষ সে। দুই ধরনের বোলিংয়েই সমান দক্ষ- এমন ওপেনার খুব কম পাবেন।”
এই ম্যাচ দিয়ে গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর টেস্ট একাদশে ফেরেন জয়। প্রায় এক বছর পর ফেরার ম্যাচে ২১৬ মিনিট ও ১৩৭ বলের ইনিংস সাজান ৯ চারে। ১৬ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবার একশর বেশি বল খেলেন তরুণ ওপেনার।
তার ব্যাটিংয়ের এই দিকটি আলাদা করে নজর কেড়েছে হাথুরুসিংহের।
“জয়ের টেম্পারমেন্ট খুব ভালো। তার রেকর্ডও বলে, সে যদি শুরুটা পেয়ে যায়, তাহলে বড় ইনিংস খেলে। জয় ও জাকির- ওরা দুজনই দলের জন্য খুবই ইতিবাচক দিক। আর আমি খুবই খুশি যে, মুমিনুলও (হক) রানে ফিরেছে।”
