২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টোকসের পাল্টা আক্রমণ থামিয়ে অস্ট্রেলিয়ার দারুণ জয়

লর্ডস টেস্টে ৪৩ রানের জয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

স্টোকসের পাল্টা আক্রমণ থামিয়ে অস্ট্রেলিয়ার দারুণ জয়

বেন স্টোকসকে আউট করে জশ হেইজেলউডের উদযাপন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 09:27 PM

Updated : 02 Jul 2023, 10:49 PM

অস্ট্রেলিয়া ও জয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালেন বেন স্টোকস। দল যখন ভীষণ চাপে পাল্টা আক্রমণ চালালেন তিনি। অসাধারণ ব্যাটিংয়ে জ্বালিয়ে রাখলেন ইংল্যান্ডের আশার বাতি। কিন্তু কাজ শেষ করে ফিরতে পারলেন না ইংলিশ অধিনায়ক। তার চমৎকার দেড়শ ছাড়ানো ইনিংস থামিয়ে সফরকারীদের উল্লাসে ভাসালেন জশ হেইজেলউড। দারুণ জয়ে অ্যাশেজ সিরিজে আরও এক ধাপ এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। 

লর্ডস টেস্টের শেষ দিনে যে রোমাঞ্চের আশায় ছিল ক্রিকেট বিশ্ব, সেটা উপহার দেন স্টোকস। বিনোদনদায়ী ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে দিলেও শেষ পর্যন্ত দলের মুখে হাসি ফোটাতে পারেননি তিনি। আরেকটি হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে তার দল। 

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৩ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। রোমাঞ্চকর প্রথম টেস্ট ২ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে তারা। ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিয়ে গুটিয়ে দেয় তারা ৩২৭ রানে। 

লর্ডসে দারুণ ধারাবাহিক অস্ট্রেলিয়া। এই মাঠে সবশেষ তাদের হার ২০১৩ সালে। এখানে সবশেষ ২৪ ম্যাচে কেবল দুটিতে হেরেছে তারা। 

আগের দিন ৪৫ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে লড়াইয়ে রাখেন স্টোকস। বেশ কয়েকবার জীবন পেয়ে ৯টি করে ছক্কা-চারে ১৫৫ রানের ইনিংস খেলেন তিনি। বেন ডাকেটের ব্যাট থেকে আসে ৯ চারে ৮৩ রান। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই স্টোকসের সর্বোচ্চ ইনিংস। আগের সেরা ছিল ২০১৯ সালের হেডিংলিতে খেলা অপরাজিত ১৩৫ রান। ওই ম্যাচে তার অতিমানবীয় ব্যাটিং ও জ্যাক লিচের সঙ্গে শেষ উইকেটে অসাধারণ জুটিতে অবিশ্বাস্য এক জয় পেয়েছিল ইংল্যান্ড। লর্ডসেও তেমন কিছুর সম্ভাবনা জাগালেও পারলেন না স্টোকস।

দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার এই জয়ে বড় অবদান রাখেন মিচেল স্টার্ক, কামিন্স ও হেইজেলউড। ম্যাচের চতুর্থ ইনিংসে তিন পেসারই নেন তিনটি করে উইকেট। 

ম্যাচ সেরার পুরস্কার জেতেন অবশ্য স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ১১০ রান করা অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান দ্বিতীয়ভাগে করেন ৩৪ রান। 

৮ উইকেটে ১১৪ রান নিয়ে রোববার খেলতে নামা ইংল্যান্ডকে ভালো শুরু দেন স্টোকস ও ডাকেট। দারুণ ব্যাটিংয়ে সকালের কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে দেন তারা। 

স্টোকস প্রথম দফায় বেঁচে যান ৩৯ রানে। স্টার্কের বলে তাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে ব্যাটসম্যান নেন রিভিউ। রিপ্লেতে দেখা যায়, ব্যাটে লেগে বল আঘাত হেনেছে প্যাডে। 

দেখেশুনে খেলতে থাকা স্টোকস ৯৯ বলে ফিফটি স্পর্শ করেন। আরেক প্রান্তে রানের গতিতে দম দেওয়া ডাকেটের চোখ যখন সেঞ্চুরিতে, তাকে কট বিহাইন্ড করে দেন হেইজেলউড। ভাঙে ১৩২ রানের জুটি।

Image

৯টি করে চার-ছক্কায় ১৫৫ রানের ইনিংস খেলার পথে বেন স্টোকস

জনি বেয়ারস্টোকে স্টাম্পিং করে দ্রুত ফেরান অ্যালেক্স কেয়ারি। আউটটি নিয়ে অবশ্য তৈরি হয় বিতর্ক। ক্যামেরন গ্রিনের বল ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ড পর ক্রিজ ছেড়ে বের হন বেয়ারস্টো। এর ফাঁকে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন কেয়ারি। অস্ট্রেলিয়ার আবেদনে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন মাঠের আম্পায়ার। রিপ্লে দেখে, বল ডেড হওয়ার আগে বেয়ারস্টো বের হওয়ায় আউট দেন টিভি আম্পায়ার। পুরো গ্যালারি তখন দুয়ো দিতে শুরু করে। 

এরপরই স্টোকস শুরু করেন পাল্টা আক্রমণ। এই সময়ই ৭৭ রানে দ্বিতীয় দফায় বাঁচেন তার কঠিন ফিরতি ক্যাচ কামিন্স ধরতে না পারায়। 

পরের ওভারে গ্রিনের ওপর ঝড় বইয়ে দেন স্টোকস। ৭৮ রান থেকে এক চারের পর টানা তিন ছক্কায় ক্যারিয়ারের ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরিতে পা রাখেন বাঁহাতি এই ব্যাটসম্যান, ১৪২ বলে। ওই ওভারেই ৮৮ রানে আরেক দফায় জীবন পান তিনি। বাউন্ডারিতে তার কঠিন ক্যাচ ছেড়ে ছক্কা দেন স্টার্ক। 

অপর প্রান্তে স্টোকসকে যোগ্য সঙ্গ দিয়ে যান স্টুয়ার্ট ব্রড। ৬ উইকেটে ২৪৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ইংল্যান্ড।

Image

৮৩ রান করে অধিনায়ককে দারুণ সঙ্গ দেন বেন ডাকেট 

বিরতির পরপরই টানা দুই ওভারে ১১৪ রানে থাকা স্টোকসকে ফেরানোর সুযোগ পায় অস্ট্রেলিয়া। হেইজেলউডের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তার সহজ ক্যাচ ছাড়েন সময়ের সেরা ফিল্ডারদের একজন স্মিথ। পরের ওভারে কামিন্সের বলে ক্যাচ নিতে ব্যর্থ হন কেয়ারি। 

১৯৭ বলে দেড়শ করা স্টোকসকে যখন ফেরানোর কোনো পথ পাচ্ছিল না অস্ট্রেলিয়া, ত্রাতা হয়ে আসেন হেইজেলউড। তাকে ছক্কার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি। হতাশায় মাথা নুইয়ে কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন ইংলিশ অধিনায়ক। মাঠ ছাড়ার সময় করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান পুরো স্টেডিয়ামের দর্শকরা। 

ব্রডের সঙ্গে ১০৮ রানের জুটিতে স্টোকসই করেন ৯৩ রান। তাদের প্রতিরোধ ভাঙার পর আর বেশিদূর যেতে পারেনি ইংল্যান্ড। শেষ ৪ উইকেট ২৬ রানে হারায় স্বাগতিকরা।

আগামী বৃহস্পতিবার হেডিংলিতে শুরু দুই দলের তৃতীয় টেস্ট। 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪১৬

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩২৫

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৭৯

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭১) ৮১.৩ ওভারে ৩২৭ (আগের দিন ১১৪/৪) (ডাকেট ৮৩, স্টোকস ১৫৫, বেয়ারস্টো ১০, ব্রড ১১, রবিনসন ১, টং ১৯, অ্যান্ডারসন ৩*; স্টার্ক ২১.৩-২-৭৯-৩, কামিন্স ২৫-২-৬৯-৩, হেইজেলউড ১৮-০-৮০-৩, হেড ৪-০-২৩-০, গ্রিন ১৩-৩-৭৩-১)

ফল: অস্ট্রেলিয়া ৪৩ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: স্টিভেন স্মিথ

সিরিজ: পাঁচ টেস্টের দ্বিতীয় ম্যাচ শেষে ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া