জয়ের চোখে ‘ভালো অবস্থানে বাংলাদেশ’, ফিলিপস বললেন ‘৫০-৫০’
স্পিনারদের ওপর ভরসা রেখে নিউ জিল্যান্ডকে দ্রুতই অলআউট করার আশা বাংলাদেশের।
সংবাদ সম্মেলন কক্ষে ঢোকার সময় মাহমুদুল হাসান জয়ের মুখে চওড়া হাসি। তবে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই ধীরে ধীরে উবে যেতে থাকে সেটি। বারবার ঘুরে-ফিরে আসে আক্ষেপের কথা। এর মধ্যেই অবশ্য তিনি বললেন, প্রথম দিনে দলের অবস্থানে মোটামুটি সন্তুষ্টই তারা। নিউ জিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস অবশ্য প্রথম দিন শেষে দুই দলকেই দেখছেন সমতায়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টেস্টের প্রথম দিন ৩১০ রান করেছে বাংলাদেশ। বিপরীতে ৯ উইকেট নিয়েছে নিউ জিল্যান্ড। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন জয়। সবচেয়ে বেশি ২৩৬ মিনিট উইকেটে কাটিয়েছেন তিনিই। কিউইদের সফল বোলার ফিলিপস ধরেছেন ৪ শিকার।
দিনের খেলা শেষে ইনিংস বড় করতে না পারা নিয়ে আক্ষেপের অনেক কথাই বলেন জয়। তবে দলীয় স্কোর ৩০০ পেরোনোর স্বস্তির কথাও এক ফাঁকে জানান তিনি, ‘আমাদের স্কোরবোর্ডে ৩০০ রান আছে। এখন একটা ভালো অবস্থানে আছি।’
মোটামুটি ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। দলের লক্ষ্য কত ছিল সেটিও দিন শেষে জানিয়েছেন জয়। তবে সেটি না পারায় এখন স্পিনারদের তাকিয়ে দল।
“আমাদের পরিকল্পনা ছিল... ৩৫০-৩৮০ রান হলে খুব ভালো হতো। কিন্তু দূর্ভাগ্যবশত হয়নি। আমরা এখন চেষ্টা করব, এই রানের মধ্যে আমাদের যে মানের স্পিনার আছে, ভালো জায়গায় যদি বোলিং করতে পারে, ওদের কম রানে অলআউট করা সম্ভব।”
“উইকেটের ওপর নির্ভর করে। উইকেট একটু মন্থর আছে। তো আমরা স্পিনারদের ওপর বেশি জোর দিচ্ছি। আমাদের স্পিনাররা যদি ভালো করে, আমরা ভালো করব ইনশাআল্লাহ।”
তিনশ পেরোনোয় জয় নিজেদের এগিয়ে রাখলেও, টেস্ট ক্যারিয়ারে প্রথমবার বল হাতে নিয়ে ৪ উইকেট পাওয়া ফিলিপসের মতে দিনটি সমতায়ই কাটিয়েছে দুই দল।
“লাল বলের ক্রিকেটে প্রথম দিনে ৭-৮ বা আমাদের ক্ষেত্রে ৯ উইকেটে ৩০০ রান মানে, দিনটি বেশ উপভোগ্য ছিল। কিছু সময় ছিল বাংলাদেশ যখন আমাদেরকে কিনারায় ঠেলে দিয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। আমাদের ভালো কিছু মুহূর্ত কেটেছে। আমরা ভাবছিলাম, যদি চাপ সৃষ্টি করতে পারি, তাহলে ফলও পাব। সব মিলিয়ে দিনটি হয়তো ৫০-৫০ ছিল।”
দিনের শুরুতে কিছু ডেলিভারিতে টার্ন পায় নিউ জিল্যান্ডের স্পিনাররা। বাকি অংশে তেমন একটা টার্নের দেখা মেলেনি। পেসারদের জন্যও তেমন চিন্তার কারণ হওয়ার মতো কোনো সুইং-মুভমেন্ট দেখা যায়নি সারা দিনে।
এমন অবস্থায় নিজেদের ব্যাটিং অর্ডারে আস্থা রেখে রোমাঞ্চকর ম্যাচের আশা ফিলিপসের।
“পিচে ভালো টার্ন হচ্ছে। প্রথম দিনে বেশ জমাট ছিল উইকেট। (বাংলাদেশের ইনিংসে) এক প্রান্ত থেকে বুটের ক্ষত সৃষ্টি করছে শরিফুল। যা দ্বিতীয় ইনিংস দুই দলের জন্যই নতুন মাত্রা দেবে। আমার মতে, খেলাটি কোনদিকে গড়ায়, তা দেখা কৌতূহলোদ্দীপক হবে।”
“আমাদের নিজেদের ব্যাটিং অর্ডার বেশ লম্বা। পিচ যদি যথেষ্ট সময় এমন ভালো থাকে, তাহলে প্রথম ইনিংসে আশা করি, দুই দল সমানই থাকবে। এমন হলে শেষ দিন বা শেষ দুই দিনের জন্য দারুণ আবহ তৈরি হবে।”
