২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ভারতে ‘নির্দিষ্ট ভালো মাঠ’ চান আফগান অধিনায়ক

টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য ভারতে নির্দিষ্ট একটি ভালো মাঠে সব ম্যাচ খেলার গুরুত্বের কথা বললেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 07:21 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

দেশে রাজনৈতিক অবস্থার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর থেকেই 'যাযাবর' আফগানিস্তান দল। কখনও ভারত, কখনও সংযুক্ত আরব আমিরাতে ঘরের মাঠ বানিয়ে খেলতে হয় তাদের। তাই অনিশ্চয়তা দূর করে ভালো খেলার লক্ষ্যে নির্দিষ্ট একটি মাঠের দাবি তুললেন হাশমাতউল্লাহ শাহিদি। 

ভারতের গ্রেটার নয়ডায় সোমবার একমাত্র টেস্টে নিউ জিল্যান্ডকে স্বাগত জানাবে আফগানিস্তান। এর আগে স্বাগতিক হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুন এবং ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লখনৌতে টেস্ট খেলেছে তারা। এছাড়া আবু ধাবিতে খেলেছে তিনটি ম্যাচ। 

একেকবার একেক মাঠে খেলার এই ধারার সমাপ্তি চান শাহিদি। কিউইদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নির্দিষ্ট একটি ভালো মাঠে সব ম্যাচ খেলার গুরুত্বের কথা বলেন আফগান অধিনায়ক।

“ভারত আমাদের হোম ভেন্যু। আমরা যখন অন্য দেশগুলোকে স্বাগত জানাই, দেখা যায় তারা এখানে আমাদের চেয়ে বেশি খেলেছে। তাই আশা করি, ভারতে আমরা একটি নির্দিষ্ট ভালো ভেন্যু পাব এবং সেটিতেই সব খেলব। এটিই আমাদের জন্য বেশি কার্যকর হবে।”

আফগান অধিনায়কের বিশ্বাস, বারবার ভেন্যু পরিবর্তন না করে একটি মাঠে সব ম‍্যাচ খেলতে পারে তাহলে পরিসংখ্যান ও খেলার মানেও উন্নতির ছাপ দেখা যাবে। 

“আমাদের ক্রিকেটারদের প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো কারণ আমরা (আফগানিস্তানে) নিজেদের মাঠে খেলি, কন্ডিশন খুব ভালোভাবে জানি। আশা করি, ভবিষ্যতে দলগুলো আফগানিস্তানে যাবে। তখন আমাদের গড় এখনের চেয়ে ভালো হবে। এখন আশা করি আমাদের ক্রিকেট বোর্ড ও বিসিসিআই ভারতে একটি ভালো ভেন্যু দেবে, আমরা এক ভেন্যুতে অনেক ম্যাচ খেলতে পারব।”

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ছয় বছরে মাত্র ৯টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বর্তমান চক্রে (২০২৩-২৭) তাদের রয়েছে ২২টি টেস্ট। তবে এর বেশিরভাগ নিচের সারির দল যেমন জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে। 

তাই আরও ম্যাচ বাড়ানোর পাশাপাশি বড় দলগুলোর বিপক্ষে খেলতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন শাহিদি।