Published : 06 Aug 2026, 10:13 PM
চোট থেকে ফেরার লড়াইয়ে শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না জন টার্নার। সবাইকে চমকে দিয়ে স্রেফ ২৫ বছর বয়সেই পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ইংল্যান্ডের এই পেসার।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্ম নেওয়া টার্নারের কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তির মেয়াদ এখনও বাকি ছিল দুই বছর। গত বছরের শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডেভেলপমেন্ট চুক্তির আওতায়ও ছিলেন তিনি।
২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের হয়ে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেন টার্নার। চার ম্যাচে তার শিকার ছিল তিন উইকেট। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণেও ভালোই ছিল তার পারফরম্যান্স। কিন্তু চোটের কাছে হার মেনে নিয়ে অবসরের সিদ্ধান্ত নিলেন এই ক্রিকেটার।
পিঠের স্ট্রেস ফ্র্যাকচারে ২০২৫ সালের জুনে মাঠের বাইরে ছিটকে পড়ার পর, আর ফেরা হলো না টার্নারের। বৃহস্পতিবার অবসর ঘোষণার বিবৃতিতে তিনি বলেন, বারবার চোটে পড়ার অভিজ্ঞতাই তাকে কঠিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এক্সেটার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ফাইন্যান্সে স্নাতক করা টার্নার মনে করছেন, জীবনের ‘পরবর্তী চ্যালেঞ্জ’ নেওয়ার এটাই উপযুক্ত সময়।
“পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলতে পারাটা আমার শৈশবের সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার চেয়ে কোনো অংশে কম ছিল না।
তবে আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। স্ট্রেস ফ্র্যাকচার, যেটা আমাকে এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে রেখেছে, একই সঙ্গে আমার চোটের দীর্ঘ ইতিহাস ক্রিকেটার হিসেবে এবং ক্রিকেটের বাইরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত মনে হয়েছে, জীবনের পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণের এটাই সঠিক সময়।”
দক্ষিণ আফ্রিকার মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিলটন কলেজে পড়াশোনা করেছেন টার্নার। ইংলিশ মায়ের সুবাদে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে পড়তে যুক্তরাজ্যে যান তিনি। এরপর ট্রায়াল দিয়ে ২০২১ সালে যোগ দেন হ্যাম্পশায়ারে। দা হান্ড্রেডে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে ২০২৩ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের স্কোয়াডে ডাকও পেয়ে যান এই ক্রিকেটার।
তবে হ্যাম্পশায়ারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ দলে জায়গা পাকা করে নিতে পারেননি টার্নার। ক্লাবটির হয়ে মাত্র সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি। ২০২৫ সালের শুরুতে ধারে ল্যাঙ্কাশায়ারের হয়ে তিনটি ম্যাচ খেলার পর চোট হানা দেয় তার শরীরে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারলেন না তিনি।