২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের কোচিং প্যানেলে আজমল-গুল

বিশ্বকাপ ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টে রদবদলের সবশেষ সংযোজন এই দুজন৷

পাকিস্তানের কোচিং প্যানেলে আজমল-গুল

সাঈদ আজমল (বাঁয়ে) ও উমর গুল। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2023, 04:31 PM

Updated : 21 Nov 2023, 04:31 PM

জাতীয় দলের সঙ্গে আরও দুজন সাবেক ক্রিকেটারকে যুক্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচিং প্যানেলে নিযুক্ত হলেন সাঈদ আজমল ও উমর গুল।

পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার স্পিন বোলিং কোচ হিসেবে আজমল ও ফাস্ট বোলিং কোচ হিসেবে গুলকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে।

বিশ্বকাপ ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টে রদবদলের সবশেষ সংযোজন এই দুজন৷ এর আগে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ হাফিজকে। ওয়াহাব রিয়াজকে করা হয় প্রধান নির্বাচক।

দলের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। তিন সংস্করণ থেকেই সরে দাঁড়িয়েছেন বাবর আজম। তার জায়গায় টেস্টে শান মাসুদ, টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২০ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরপরই কোচিংয়ে নাম লেখান গুল। ২০২১ সালের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পরের বছর আফগানিস্তান জাতীয় দলে কোচ হিসেবে কাজ করেন পাকিস্তানের সাবেক এই পেসার।

এছাড়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেন গুল। চলতি বছর নিউ জিল্যান্ডের বিপক্ষেও দায়িত্বে ছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে আজমলেরও কোচিংয়ের অভিজ্ঞতা আছে। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন সাবেক এক নম্বর ওয়ানডে বোলার।

তিন টেস্ট খেলতে চলতি মাসের শেষ দিন অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান। মূল সিরিজ শুরুর আগে মানুকা ওভালে ৬ ডিসেম্বর থেকে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নতুন টেস্ট অধিনায়ক মাসুদের দল।

পার্থে ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। মেলবোর্নে দুই দল খেলবে বক্সিং ডে টেস্ট। পরে সিডনিতে ৩ জানুয়ারি থেকে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচ।

এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউ জিল্যান্ড যাবে পাকিস্তান। ১২ জানুয়ারি শুরু হবে ওই সিরিজ।