২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের কাজ সহজ করে তোলে 'নারাইন-রাসেলদের মানসিকতা'

বিদেশি নামি তারকাদের নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা শোনালেন ইমরুল কায়েস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 08:02 PM

Updated : 15 Feb 2023, 08:28 PM

বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিদেশি তারকাদের নিয়ে প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়ে তারা। ব্যতিক্রম ঘটেনি এবারও। এসব খেলোয়াড়দের সামলাতে কী কোনো আলাদা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়?, অধিনায়ক ইমরুল কায়েস বললেন একদমই না।

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ‘এসএটোয়েন্টি’ এবং সংযুক্ত আরব আমিরাতের ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’ হওয়ায় এবার বিপিএলে শুরুর দিকে নামি বিদেশি ক্রিকেটারকে দলে টানতে বেগ পেতে হয় প্রায় সব দলকে। তবু মোহাম্মদ রিজওয়ানের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপরের সারির ব্যাটসম্যানকে চুক্তিভুক্ত করে তারা।

রিজওয়ান চলে যাওয়ার পর শেষ দিকে আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, মইন আলির মতো বিশ্ব ক্রিকেট মাতানো ক্রিকেটাররা যোগ দিয়েছেন কুমিল্লায়।

শুধু এবারই নয়, আগেও এমন বড় তারকাদের নেতৃত্ব দিয়েছেন ইমরুল। ২০১৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সময় তার অধিনায়কত্বে খেলেছেন শহিদ আফ্রিদি, শোয়েব মালিকের মতো ক্রিকেটাররা। গতবার নারাইন-মইনদের পাশাপাশি ছিলেন ফাফ দু প্লেসিও। 

বিদেশি ক্রিকেটারদের একেকজন আসেন একেক দেশ থেকে। তাদের একেকজনের বৈশিষ্ট্যও থাকে একেকরকম। ক্যারিয়ারের অর্জনের পাশাপাশি তাদের নামের ভারও কম নয়। সে তুলনায় বিশ্ব ক্রিকেট অনেক দূরের ব্যাপারে, বাংলাদেশেও খুব বড় নাম নন ইমরুল। 

এখন পর্যন্ত মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি দুবার শিরোপা জিতেছে ইমরুলের নেতৃত্বে। এবারও তিনি দলকে তুলেছেন ফাইনালে। আরেকটি শিরোপা নির্ধারণী ম্যাচের আগে এলো বিদেশি তারকাদের সঙ্গে কাজ করার চ্যালেঞ্জের প্রসঙ্গ। উত্তরে ইমরুল জানালেন বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিজের কাজ করার অভিজ্ঞতা। 

“আমার মনে হয়েছে, যত বড় বড় খেলোয়াড়ের সঙ্গে খেলেছি... যত বড় খেলোয়াড়, তাদের মানসিকতাটাও বড় হয়। আমি খুব কাছ থেকে দেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা এসে যেভাবে আমাদের সঙ্গে কাজ করে, আমাদের সঙ্গে কথা বলে। প্রথম বছর ফাফকে (দু প্লেসি) নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, ওকে কীভাবে হ্যান্ডেল করব। ও এসে আমার সঙ্গে যেভাবে মানিয়ে নিয়েছে, আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম। আমার কাজটা খুব সহজ হয়ে গিয়েছিল।” 

“এ বছর রিজওয়ানকেও দেখবেন। রিজওয়ান যখন আসে, ও কিন্তু আমাকে খুব সম্মান দিয়েছে মাঠে ও মাঠের বাইরে। ও আমাকে সবসময় বলতো, অধিনায়ক এই কাজগুলো করলে মনে হয় ভালো হয়, ওই কথাগুলো আমি নিয়েছি। আমাদের দলের জন্য ভালো হয়েছে। যেটা বললাম ভালো খেলোয়াড়ের ভালো মানুষও হতে হয়, না হলে জিনিসটা কঠিন।”