২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিন

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ টেস্টে টস হলেও কোনো বল মাঠে গড়ায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 11:25 PM

Updated : 08 Sep 2022, 11:25 PM

পূর্বাভাসে খারাপ খবরই ছিল। সেটাই সত‍্যি হলো। দিন জুড়ে হলো বৃষ্টি। এতে ভেস্তে গেল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিন।

গত রাতের বৃষ্টির কারণে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের টস হয় নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর। দা ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

কিন্তু এরপর দফায় দফায় হয় বৃষ্টি। তাতে কোনো বল মাঠে গড়ায়নি। অনেকটা সময় অপেক্ষায় পর স্থানীয় সময় পৌনে পাঁচটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

লর্ডসে স্বাগতিকদের ইনিংস ও ১২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরে ওল্ড ট্র্যাফোর্ডে পরের টেস্ট এর জবাব দেয় ইংল্যান্ড। ইনিংস ও ৮৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা টানে বেন স্টোকসের দল।