২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছে মাত্র দুটি দল, বাড়ানো হলো সময়

বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে আরও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 10:23 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোনো কিছু নিয়মমতো না হওয়াটাই যেন নিয়ম। নানা কিছুতে দফায় দফায় সময় বাড়ানোও নিয়মিত চিত্র। এই যেমন এবার বাড়ানো হলো ফ্র্যাঞ্চাজিগুলোর ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সময়।

ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার পূর্ব নির্ধারিত শেষ সময় ছিল বৃহস্পতিবার। কিন্তু এখনও পর্যন্ত জমা দিয়েছে স্রেফ দুটি ফ্র্যাঞ্চাইজি। ব্যাংক গ্যারান্টি জমা না দিলে কোনো দল কেউ নিলামে অংশ নিতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলামের তারিখ কিছুটা পিছিয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিদের সুবিধার কথা ভেবে এখন ব্যাংক গ্যারান্টি জমার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিপিএলে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার নিশ্চিত করেন সময় বাড়ানোর কথা।

‘‘আজ (বৃহস্পতিবার) ছিল জমা দেওয়ার শেষ সময়। তবে আমরা ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছি। নতুন সময়সীমা আগামী মঙ্গলবার পর্যন্ত। নিলামের তারিখ পেছানোয় ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধার কথা ভেবে ১৮ নভেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। কয়েকটি দল ইতিমধ্যে ব্যাংক গ্যারান্টি দিয়েছে, সম্ভবত দুটি দল।’’

ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার পরও যাচাই-বাছাইয়ের ব্যাপার আছে, জানালেন বিসিবির নতুন এই পরিচালক। 

‘‘আমাদের অর্থবিভাগে কাগজপত্র জমা দেওয়ার পর সেগুলো যাচাই করতে হবে, কারণ ১০ কোটি টাকার পে অর্ডারের ব্যাংক গ্যারান্টি যাচাইয়ের প্রক্রিয়া আছে, ব্যাংকে পাঠিয়ে নিশ্চিত হতে হয়। মাঝে মাঝে ভুয়া ব্যাংক গ্যারান্টিও আসে, তাই সতর্ক থাকতে হয়। যাচাইয়ে এক-দুই দিন সময় লাগবে। তবে ১৮ তারিখের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিকেই ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। না দিলে রক্ষা নাই।’’ 

শাখাওয়াত আরও একবার জানালেন, ব্যাংক গ্যারান্টি ছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজিকে নিলামে অংশ নিতে দেওয়া হবে না বলে।

“আমরা শুরু থেকেই বিপিএলে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে বিসিবির অর্থ বিভাগে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার জন্য। কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে সেটা দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে নিলামে বসতে দেওয়া হবে না।”

“১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে না পারে, সে ক্ষেত্রে ওই দলের জমা দেওয়া ২ কোটি টাকা (ফ্র্যাঞ্চাইজি ফি) ফরফিট হয়ে যাবে, মানে বাংলায় যেটা বলে তামাদি। এই টাকা চলে যাবে আমাদের কোষাগারে, তারা সেটা আর ফেরত চেয়ে অনুরোধ করতে পারবে না।”

গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমানও আবার প্রতিশ্রুতি দিলেন, আগের বিপিএলের বাজে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনো ছাড় দেওয়া হবে না। 

‘বিপিএল চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ভাইসহ গভর্নিং কাউন্সিলের অন্য সদস্যদের চাওয়া, আগের বিপিএলের ভুল থেকে শিক্ষা হয়েছে আমাদের। তাই এবার ব্যাংক গ্যারান্টি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সময় বাড়িয়েছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা আমাদের লক্ষ্যের থেকে দূরে সরে যাচ্ছি। নতুন নির্দিষ্ট তারিখের মধ্যেই আমরা ব্যাংক গ্যারান্টি চাই।’‘

‘‘ব্যাংক গ্যারান্টি না আসা পর্যন্ত নিলামের প্রক্রিয়া সম্পূর্ণ শুরু হবে না, এবং এটি নিশ্চিত করার মাধ্যমে বিপিএলের স্বচ্ছতা ও সময়মতো আয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’

বিপিএলের নিলামে সাধারণত দেখা যায় আইকন বা সরাসরি চুক্তিতে থাকা ক্রিকেটারদের উপস্থিতি। তবে এবার নিলাম হবে ২৩ নভেম্বর, যেদিন মিরপুর টেস্টের শেষ দিন। ফলে ফ্র্যাঞ্চাইজি চাইলেও শুরু থেকেই ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।