২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ভিসা জটিলতা, ভারত যাওয়া হচ্ছে না আকবর-শামীমদের

তামিল নাড়ুতে এখন ওয়ানডে সিরিজে খেলতে হবে মুমিনুল-সাদমান-তাইজুলদের।

ফের ভিসা জটিলতা, ভারত যাওয়া হচ্ছে না আকবর-শামীমদের

আকবর আলি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 11:19 AM

Updated : 04 Nov 2022, 11:20 AM

ভারতে বিসিবি একাদশের ওয়ানডে সিরিজের আগে ফিরে এসেছে ভিসা জটিলতা। খেলতে যেতে পারছেন না আকবর আলী, শামীম হোসেনরা। তাই দুটি চার দিনের ম্যাচ খেলে যাদের ফিরে আসার কথা ছিল, তাদের থেকে যেতে হচ্ছে তামিল নাড়ুতে।

এই ভিসা জটিলতায় ভেস্তে যেতে বসেছিল সফর। পরে সমস্যার সমাধান হলে নতুন সূচিতে প্রায় দুই সপ্তাহ পর তামিল নাড়ুতে খেলতে যান মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, তাইজুল ইসলামরা। সেই একই সমস্যায় খেলতে যাওয়া হচ্ছে না ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বৃহস্পতিবার শেষ হয়েছে বিসিবি একাদশ ও তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের দ্বিতীয় চার দিনের ম্যাচ। আগামী সোমবার মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই তিন ম্যাচের জন্য ক্রিকেটারদের পাঠানো যাচ্ছে না।

“ভিসা জটিলতার কারণে যথাসময়ে ওদের পাঠানোর ব্যবস্থা করা যায়নি। এখন আর হাতে সময়ও নেই যে আমরা কিছুদিন অপেক্ষা করে দেখব। তাই ওদের পাঠানো হবে না। লাল বলের ক্রিকেটাররাই বাকি তিন ম্যাচ খেলে দেশে ফিরবে।”

চার দিনের ম্যাচ দুইটি খেলে দেশে ফিরে আসার কথা ছিল সাদমান ইসলাম, মুমিনুল হক, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হকের। থেকে যেতেন মিঠুন, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও এনামুল হক বিজয়।

তাদের সঙ্গে ওয়ানডে সিরিজের জন্য দেশ থেকে নতুন করে ভারতে যাওয়ার কথা ছিল মোহাম্মদ নাঈম শেখ, শামীম, আকবর, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল ও রিশাদ হোসেনের। স্কোয়াডে না থাকলেও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ভারতে এক দিনের ম্যাচ খেলতে পাঠানোর কথা হয়েছিল।