২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় সাকিবের শিকার লিটন, জিম্বাবুয়েতে তাসকিন-মুশফিকের ঝড়

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, জিম্বাবুয়েতে টি-টেন ক্রিকেটে বল হাতে বিধ্বংসী তাসকিন, দুর্দান্ত ইনিংস মুশফিকের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 09:28 AM

Updated : 22 Jul 2023, 05:06 PM

দলীয় লড়াইয়ের ভেতর ছিল আরেকটি লড়াই। মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ও সহ-অধিনায়কের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় অধিনায়কের। সাকিব শুধু লিটনকে আউটই করেননি, দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে বড় অবদান রেখেছেন দলের জয়ে।

ক্রিকেট বিশ্বের অন্য প্রান্তে ক্ষুদ্র এক সংস্করণে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের আরও দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেন লিগে তাসকিন ছিলেন বল হাতে বিধ্বংসী, ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন মুশফিক। দলীয় লড়াইয়ে সেখানে শেষ হাসি মুশফিকের।

কানাডার ব্রামটনে শুক্রবার সারে জাগুয়ার্সের হয়ে মাঠে নামে লিটন, মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে সাকিব। টস হেরে যাওয়া সারের হয়ে ব্যাটিং ওপেন করেন লিটন ও অ্যালেক্স হেলস। প্রথম ওভারেই কার্লোস ব্র্যাথওয়েটকে ছক্কায় শুরু করেন লিটন।

ইংলিশ ব্যাটসম্যান হেলস ১ রান করেই আউট হয়ে যান দ্বিতীয় ওভারে। ওই ছক্কার পর লিটনও আর হাত খুলতে পারেননি। পঞ্চম ওভারে মুখোমুখি হন সাকিব ও লিটন। সাকিবের প্রথম তিন বলেই টার্ন ও বাউন্সে বারবার অস্বস্তিতে পড়েন লিটন। অল্পের জন্য আউটও হননি। চতুর্থ বলে একটু জায়গা বানিয়ে খেলার চেষ্টা করতে গিয়েই বিপত্তি। ১১ বলে ৯ রান করে লিটন ধরা পড়েন কাভারে।

অধিনায়ক ইফতিখার আহমেদের ৪৪ বলে ৪০ ও ওমানের জাতিন্দার সিংয়ের ১৫ বলে ২৭ রানের ইনিংসে সারে ২০ ওভারে তোলে ১৩৬ রান।

লিটনের পর কানাডার পারগাত সিং ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডকে আউট করেন সাকিব। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনিই। পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদি নেন ২ উইকেট।

সেই রান তাড়ায় মন্ট্রিয়লের ওপেনার ও অধিনায়ক ক্রিস লিন আউট হয়ে যান ১৫ বলে ২২ রান করে। তিনে নেমে সাকিব দ্বিতীয় বলেই মারেন চার, পরের বলে ছক্কা। ওই ওভারেই তার ব্যাট থেকে আসে আরেকটি চার। আরেক ওভারে চার মারেন তিনি টানা দুটি।

১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলে সাকিব বিদায় নেন নেপালি লেগ স্পিনার সন্দিপ লামিছানের বলে।

লামিছানেকে হতাশ করে পরে ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন স্বদেশি দিপেন্দ্র সিং আইরি। ১৯তম ওভারে টানা দুই ছক্কায় ম্যাচ শেষ করে দেন ব্র্যাথওয়েট।

মন্ট্রিয়ল জিতে যায় ৫ উইকেটে। বিস্ময়করভাবে অবশ্য ম্যাচ সেরার পুরস্কার সাকিব পাননি। ৩১ বলে অপরাজিত ২৮ রান করে ম্যান অব দা ম্যাচ হন দিলপ্রিত সিং।

এই টুর্নামেন্টের ম্যাচগুলি অবশ্য স্বীকৃত টি-টোয়েন্টি নয়। তাই এসব রেকর্ডে থাকবে না।

জিম আফ্রো টি-টেন ক্রিকেটে হারারে স্পোর্টস ক্লাবে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে মাঠে নেমে আগুনে বোলিংয়ে তাসকিন কাঁপিয়ে দেন জোহানেসবার্গ বাফেলোজকে। প্রথম ওভারে তিনি দেন ৫ রান। নিজের পরের ওভারে শিকার করেন ৩ উইকেট!

ওভারের প্রথম বলে বিদায় করে দেন মোহাম্মদ হাফিজকে, পঞ্চম বলে রবি বোপারাকে। শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে উপড়ে দেন ডেলানো পটগিয়েটারের স্টাম্প।

২ ওভার বোলিং করে তার প্রাপ্তি ১১ রানে ৩ উইকেট।

৩ ওভারে স্রেফ ১৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে তখন নড়বড়ে জোহানেসবার্গ। পাল্টা আক্রমণে দলকে উদ্ধার করেন মুশফিক।

শুরুটা যদিও করেন ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন। পঞ্চম ওভারে টানা দুই বলে চার-ছক্কা মারেন তিনি থিসারা পেরেরাকে। ওই ওভারেই মুশফিক মারেন টানা দুই চার।

বুলাওয়ায়ো অধিনায়ক সিকান্দার রাজার বলে ব্যান্টন আউট হয়ে যান ১৮ বলে ৩৪ করে। তবে মুশফিকের ঝড় চলতে থাকে। শেষ বলেও বাউন্ডারি মেরে তিনি অপরাজিত থাকেন ২৩ বলে ৪৬ রান করে।

১০ ওভারে ১০৫ রান তোলে জোহানেসবার্গ।

রান তাড়ায় বুলাওয়ায়োকে ধসিয়ে দেন হাফিজ। অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার অবিশ্বাস্যভাবে ২ ওভারে স্রেফ ৪ রান দিয়ে উইকেট নেন ৬টি! জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ২ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট।

অন্য বোলারদের কিছুটা কাজে লাগিয়ে বুলাওয়ায়ো ১০ ওভারে করতে পারে ৯৫ রান। মুশফিকরা জিতে যায় ১০ রানে।

এ দিনই অবশ্য আগে আরেকটি ম্যাচে বুলাওয়ায়োর হয়ে মাঠে নামেন তাসকিন। অধিনায়ক সিকান্দার রাজার ৩০ বলে ৬১ রানের ইনিংসে বুলাওয়ায়ো ১০ ওভারে করে ১২৮ রান।

পরে বল হাতে তাসকিন প্রথম ওভারেই বিদায় করেন রবিন উথাপ্পাকে। ২ ওভারে রান দেন কেবল ৭। হারারে হারিকেন্স ১০ ওভারে করতে পারে মাত্র ৭৯ রান। তাদের হয়ে মোহাম্মদ নবি করেন ১৪ বলে ২২।