Published : 17 Jan 2026, 06:35 PM
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগটি কাজে লাগাতে পারলেন না ভিরান চামুদিথা। তবে যে চমৎকার ইনিংস উপহার দিলেন তিনি, তাতেই রেকর্ডের পাতায় উঠে গেল লঙ্কান ব্যাটসম্যানের নাম।
ভিন্ডহুকে শনিবার জাপানের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে ১৯২ রান করেন ভিরান। ১৪৩ বলের ইনিংসটি সাজান তিনি ২৬ চার ও একটি ছক্কায়।
যুব বিশ্বকাপে ভিরানের চেয়ে বড় ইনিংস খেলতে পারেননি আর কেউ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের আগের রেকর্ডটি ছিল তারই স্বদেশি হাসিথা বোয়াগোদার। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রান করেছিলেন বোয়াগোদা।
অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটিও এখন ভিরানের। তালিকায় দুইয়ে নেমে গেছেন বোয়াগোদা।
দিমান্থা মাহাভিথানাকে নিয়ে ৩২৮ রানের উদ্বোধনী জুটি গড়েন ভিরান। যুব ওয়ানডেতে যেকোনো উইকেটে যা সর্বোচ্চ যুগলবন্দি। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের। ২০১৬ যুব বিশ্বকাপে চট্টগ্রামে ফিজির বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েছিলেন এই দুইজন।
ভিরানের সঙ্গে তিনশ ছাড়ানো জুটি গড়ার পথে ১১৫ রান করেন দিমান্থা। ১২৫ বলের ইনিংসে ১১টি চার মারেন তিনি।
ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারি মারেন ভিরান। আগ্রাসী ব্যাটিংয়ে ছুটতে থাকেন তিনি। ৩৩ বলে ফিফটিতে পা রাখেন বাঁহাতি ব্যাটসম্যান। চার মেরে ৭৪ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন তিনি। যুব ওয়ানডেতে যা তার প্রথম সেঞ্চুরি।
আরেক প্রান্তে দিমান্থা মাহাভিথানা ছিলেন মন্থর। ভিরান যখন সেঞ্চুরি স্পর্শ করেন, দিমান্থার রান তখন ৬২ বলে ৩৯। পরে ৭১ বলে ফিফটি করেন দিমান্থা। পঞ্চাশের পর রানের গতি বাড়ান তিনি, যুব ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরির স্বাদ পান ১১৪ বলে। ফিফটি থেকে সেঞ্চুরি ছুঁতে তার লাগে ৪৩ বল।
ভিরান দেড়শতেও পা রাখেন বাউন্ডারি হাঁকিয়ে, ১০৮ বলে। যেভাবে খেলছিলেন তিনি, মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরি কেবল সময় ব্যাপার। কিন্তু ৮ রান দূরে থাকতে বোল্ড হয়ে বিদায় নেন ১৭ বছর বয়সী ক্রিকেটার। ভিরান ড্রেসিং রুমে ফেরার এক বল আগে রান আউটে কাটা পড়েন দিমান্থাও।
দুই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৮৭ রান করে শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে যা লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১৮ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৪১৯ রান করেছিল তারা।