বিপিএলে প্লে-অফের আগে থাকছে না ডিআরএস
গত আসরের মতো এবারও অল্টারনেট ডিআরএস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
সময়ের অভাবে বিপিএলের গত আসরে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখতে পারেননি আয়োজকরা। এবার সময় থাকলেও অন্যান্য সিরিজ ও টুর্নামেন্টের ব্যস্ততার সঙ্গে পেরে ওঠেননি তারা। তাই এবারও টুর্নামেন্টের অধিকাংশ সময়ে মিলছে না এই প্রযুক্তির সহায়তা।
বিকল্প হিসেবে গতবারের মতো এবারও ‘অল্টারনেট ডিআরএস (এডিআরএস)’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। বিসিবি কার্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে বিষয়টি জানান ইসমাইল হায়দার।
তবে এবার প্রথম পর্ব শেষে প্লে-অফ থেকে পূর্ণাঙ্গ ডিআরএস পাওয়া যাবে বলে আশাবাদী গভর্নিং কাউন্সিল।
“প্রস্তুতি বলতে আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি। মাত্র ভারত সিরিজ শেষ হলো। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএসের ব্যাপারটা হলো, এটা এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে।”
“বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্শনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।”
ডিআরএস প্রযুক্তি না পাওয়ার পেছনে এই সময়ে বিশ্ব ক্রিকেটে চলমান অন্যান্য খেলার কারণ দেখিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।
“এই সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন মূলত হক আই পাওয়া যাচ্ছে না। সাধারণত দুইটা কোম্পানি থাকে- হক আই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের ওখানে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে (প্লে-অফ) আমরা আনতে পারব।”
বিপিএলের গত আসর পুরোটাই হয়েছে ডিআরএস ছাড়া। শুরুতে ঢাকা পর্বের ম্যাচগুলোতে আম্পায়ারিং বিতর্ক প্রকট হয়ে দেখা দিলে চট্টগ্রাম পর্ব থেকে বাকি সময়ে এডিআরএস ব্যবহার করা হয়।
এডিআরএসে মূলত তাৎক্ষণিক রিপ্লে দেখে স্লো মোশন প্রযুক্তির ব্যবহার করে সিদ্ধান্ত নিয়ে থাকেন থার্ড আম্পায়ার। এছাড়া প্রয়োজনে স্প্লিট স্ক্রিনও ব্যবহার করা হয়। এবারের বিপিএলেও প্লে-অফের আগ পর্যন্ত ব্যবহৃত হবে এই পদ্ধতি।
