১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্টম্যানের চোটে ওয়ানডে দলে প্রথমবার কর্বিন বশ

হাঁটুর সমস্যায় ভুগছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা দক্ষিণ আফ্রিকান পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 08:28 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

চোটের থাবায় একের পর এক পেসার হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তালিকায় এবার নতুন সংযোজন ওটনিল বার্টম্যান। হাঁটুর সমস্যায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।

৩১ বছর বয়সী বার্টম্যানের বদলি হিসেবে কর্বিন বশকে দলে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথম ওয়ানডে দলে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। তাদের সাবেক ক্রিকেটার টার্টিয়াস বশের সন্তান কর্বিন আছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও।

এখন পর্যন্ত ৩১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৩ ফিফটিতে ৫০৭ রান করেছেন বশ। পেস বোলিংয়ে নিয়েছেন ৩৭ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ ম্যাচে ১ হাজার ২৯৫ রানের সঙ্গে ৭২ উইকেট আছে তার।

চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়া দ্বিতীয় বোলার বার্টম্যান। কোনো ম্যাচ না খেলেই কুঁচকির চোটে সিরিজ শেষ হয়ে যায় অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজের। এবারের গ্রীষ্মে চোটে মাঠের বাইরে চলে যাওয়া দেশটির ষষ্ঠ পেসার বার্টম্যান; বাকিরা হলেন জেরল্ড কুটসিয়া, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লিজাড উইলিয়ামস ও আনরিখ নরকিয়া।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৭ রান ২ উইকেট নেন বার্টম্যান। দ্বিতীয় ম্যাচের আগে বোলিংয়ের রান আপের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। পরে আর ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে। ম্যাচটি ৮১ রানে হারে দক্ষিণ আফ্রিকা।

টানা দুই জয়ে তিন ওয়ানডের সিরিজটি এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে আগামী রোববার জোহানেসবার্গে তৃতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের মুখোমুখি হবে প্রোটিয়ারা।