বিতর্ক থেকে বেরিয়ে আসতে চায় বিপিএল
আগের আসরগুলোর ঘাটতি মেনে সকল অংশীজনের পরামর্শ নিয়ে বিতর্কমুক্ত বিপিএল করার আশা গভর্নিং কাউন্সিলের।
ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা, উইকেটের নিম্ন মান, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অসঙ্গতির পাশাপাশি নানান অব্যবস্থাপনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরের গায়েই লেগে যায় বিতর্কের কালো দাগ। তাই অতীতের ব্যর্থতা মেনে সবার পরামর্শ নিয়ে এবার বিতর্কমুক্ত বিপিএল করার লক্ষ্যের কথা বললেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম।
বিপিএল ঢেলে সাজাতে গত সপ্তাহে বোর্ড পরিচালকদের সভায় সিদ্ধান্ত হয়, সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের ঘাটতিগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবে বিসিবি।
সেই ধারাবাহিকতায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব, সদস্য সচিব নাজমুল আবেদীন ও বোর্ড পরিচালক ইফতেখার রহমান।
বিসিবি কার্যালয়ে সোমবার ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান ও এনামুল হকের সঙ্গে আলোচনায় বসেন তারা। যেখানে অনলাইনে যুক্ত হন নাজমুল হোসেন শান্ত।
পর্যায়ক্রমে ফ্র্যাঞ্চাইজি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও সমর্থকদের সঙ্গেও বসার পরিকল্পনা রয়েছে তাদের।
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার মত-বিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে আগের ভুল শুধরে সামনে এগোনোর আশার কথা শোনান মাহবুব।
“আজকে মিডিয়ার সঙ্গে আমাদের আলাপ হয়েছে। গতকাল আমরা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। সামনে আমরা স্পন্সর ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করব। এই আলোচনাটা খুবই উন্মুক্ত ছিল। কারণ আমরা যদি নিজেদের ভুলগুলো আলাপ না করি, তাহলে কিন্তু সেগুলো শুধরে সামনে এগোতে পারব না।”
“বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই। যেটা বাংলাদেশকে বহিঃর্বিশ্বে ইতিবাচকভাবে পরিচিত করবে। আমরা এত দিন পারিশ্রমিক বা অন্যান্য ইস্যুতে অনেক বিতর্কে জড়িয়েছি। সেখান থেকে বেরিয়ে আসতে চাই।”
বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান জানান, সংবাদমাধ্যমের কাছ থেকে পাওয়া পরামর্শ থেকে যত বেশি সম্ভব বাস্তবায়নের চেষ্টা করবেন তারা।
“মিডিয়ার বন্ধুদের আমি ধন্যবাদ দিতে চাই। তারা সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে। সেগুলো যদি সঠিকভাবে করতে পারি, তাহলে একটা সুন্দর বিপিএল আমরা পাব। অনেকগুলো পরামর্শ এসেছে, প্রথমবারে যে সবগুলো করতে পারব, তা নয়। কারণ অনেকগুলো করার ক্ষেত্রে কিছু বাধাও থাকতে পারে। কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করব।”
বিপিএল শেষে আবার অংশীজনদের নিয়ে আসর পর্যালোচনামূলক বৈঠক করা হবে বলেন মাহবুব।
“সাধারণত টুর্নামেন্টটা চলে গেলে আমরা ভুলে যাই। আবার এক বছর পর দেখা হয়। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, ইভেন্ট শেষ হলে আমরা আবার একটা রিভিউ করব যে, কোন জায়গায় আমরা ভালো করেছি, কোনটা করতে পারিনি। যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারি।”
এসময় ক্রিকেটারদের সঙ্গে সোমবারের বৈঠক নিয়েও ধারণা দেন তিনি।
“(ক্রিকেটারদের থেকে) অনেকগুলো গ্রহণযোগ্য ও ইতিবাচক পরামর্শ এসেছে। সবচেয়ে মজা লেগেছে যে, মিডিয়ার থেকে যা পেয়েছি, (ক্রিকেটারদের সঙ্গে) অঙ্ক মিলে গেছে। আমি জানি না, কেউ কাউকে বলে দিয়েছে কিনা, প্রশ্ন ফাঁস হয়েছে কিনা (হাসি)। তবে খুবই ইতিবাচক ছিল।”
মাহবুবের মতে, সফল বিপিএল আয়োজনের জন্য সকল অংশীজনের একই লক্ষ্যে কাজ করা জরুরি।
“ক্রিকেটাররাও তাদের যে দায়িত্ব আছে, সেগুলো নিয়েও বলেছে যে, অনেকগুলো আমরা করিনি। তো এটা কিন্তু একতরফা নয়। আমার কাছে মনে হয়েছে, আমরা সব স্টেকহোল্ডার যদি একই ভিশনে কাজ না করি, তাহলে বিপিএলকে উজ্জীবিত রাখতে পারব না।”
আপাতত আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিবি। তবে নতুন বছরের শুরুর কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচনের সম্ভাবনা থাকায়, ওই সময় বিপিএল মাঠে গড়ানো নিয়ে সংশয় আছে যথেষ্টই।
