নাগপুরের পিচ নিয়ে বিতর্ক উড়িয়ে দিলেন কামিন্স-রোহিত
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের অভিযোগ, উইকেট নিয়ে কারসাজি করেছে ভারত।
এখনও শুরু হয়নি মাঠের লড়াই। এর আগেই ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের পিচ নিয়ে চলছে তুমুল চর্চা। এসব নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না দুই অধিনায়ক প্যাট কামিন্স ও রোহিত শর্মা।
নাগপুর টেস্ট দিয়ে বৃহস্পতিবার শুরু বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। চার ম্যাচ সিরিজের পরের তিনটি হবে দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে।
দুই দলের প্রথম টেস্টের ভেন্যু ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম আলোচনায় ম্যাচ শুরুর আগেই। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের অভিযোগ, এই মাঠের উইকেট নিয়ে কারসাজি করেছে ভারত।
দেশটির সংবাদমাধ্যমগুলোর দাবি, পিচের দুই প্রান্তের বাঁহাতি ব্যাটসম্যানদের অফ স্টাম্পের বাইরের জায়গা শুকনো রাখা হয়েছে। আর উইকেটে বাকি অংশ পানি দিয়ে ভেজানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নাগপুরের পিচের এসব ছবি।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপে বেশিরভাগই বাঁহাতি। নাগপুর টেস্টের একাদশ যদিও প্রকাশ করেননি কামিন্স। তবে তাদের প্রথম ৭ ব্যাটসম্যানের ৫ জনই বাঁহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে ভারতের একাদশে সর্বোচ্চ দুইজন থাকতে পারেন বাঁহাতি।
অস্ট্রেলিয়ানদের ঘায়েল করার ভাবনায় পিচ নিয়ে এই কারসাজি কিনা, এমন প্রশ্ন উচ্চকিত হচ্ছে।
এসব নিয়ে অবশ্য খুব একটা ভাবছেন না সফরকারী অধিনায়ক কামিন্স। তার মতে, স্বাগতিক হিসেবে ভারতের নিজেদের মাঠে জেতার সর্বোচ্চ চেষ্টা করাটাই স্বাভাবিক।
“এটা ঘরের বাইরে খেলার চ্যালেঞ্জের অংশ। স্বাগতিকরা নিজেদের আঙিনায় জিততে চায়। আমরা ভাগ্যবান যে অস্ট্রেলিয়ায় সহজাতভাবেই পেস ও বাউন্স পাওয়া যায়।”
“ঘরের মাঠের সুবিধা নেওয়া, আমার মনে হয় না এটা খুব বাজে কাজ। এটা আরেকটি চ্যালেঞ্জ এবং এখানে খেলা আরও বেশি কঠিন হয়ে যায় যখন কন্ডিশন তাদের মতো করে তৈরি করা হয়।”
রোহিতও পিচ নিয়ে এসব আলোচনা আমলে নিলেন না। উইকেটের চিন্তা না করে, মাঠের ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়ার কথা বললেন ভারত অধিনায়ক।
“আগামী পাঁচ দিন যে ক্রিকেট খেলা হবে সেদিকেই কেবল মনোযোগ দিতে হবে। পিচ নিয়ে খুব বেশি চিন্তা করা যাবে না। এখানে যে ২২জন খেলোয়াড় খেলবেন তারা সবাই মানসম্পন্ন ক্রিকেটার... সহজ কথা, ম্যাচ জিততে স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে।”
ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারত। সবশেষ ১৫ টেস্ট সিরিজই জিতেছে তারা। ২০০৪ সালের পর ভারতে লাল বলের সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। এরপর আরও চার দফায় ভারতে গিয়ে সিরিজ জয় বহুদূর, এই চার সফরে মোট ১৪ টেস্ট খেলে তারা ম্যাচ জিততে পেরেছে মোটে একটি।
