হৃদয়কে জাতীয় দলে নেওয়া মাশরাফির চোখে ‘একটু দ্রুত’
হৃদয়কে শুভ কামনা জানালেও মাশরাফির ধারণা, আরও কিছুদিন পরে জাতীয় দলে নিলে তরুণ এই ব্যাটসম্যানের জন্য ভালো হতো।
‘হৃদয়ের যদি মনে হয়, উইকেটে গিয়ে প্রথম বলে ছক্কা মারবে, মারুক। আমরা ওই স্বাধীনতা দিয়েছি’- ফাইনালের পর তো বটেই, আগেও বিপিএলে বেশ কয়েকবার এই কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা। সিলেট স্ট্রাইকার্সের কাছ থেকে এই স্বাধীনতা পেয়ে তৌহিদ হৃদয় ছুটেছেন আপন গতিতে। দারুণ ব্যাটিংয়ে নজর কেড়ে জায়গা পেয়েছেন জাতীয় দলে। তবে তাকে এখনই আন্তর্জাতিক মঞ্চে ডাকা কিছুটা তাড়াহুড়ো হয়ে গেছে মনে করেন মাশরাফি।
বিপিএলে সিলেটকে রানার্সআপ করার পেছনে বড় অবদান হৃদয়ের। ১২ ইনিংসে পাঁচ ফিফটিতে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন চার ম্যাচে।
এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় দলে সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু এর আগে ওয়ানডেতেই ডাক পেয়ে গেছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে আছেন তিনি।
এমনিতে লিস্ট ‘এ’ ক্যারিয়ার খারাপ নয় হৃদয়ের। ৪৫ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে ১৩ ফিফটিতে ৪৫.৫০ গড়ে করেছেন ১৫৪৭ রান। তবে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ২৫৯ রান করেছিলেন ২৮.৭৭ গড় ও ৮৩.২৭ স্ট্রাইক রেটে।
তরুণ এই ব্যাটসম্যানের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই মাশরাফির। তবে জাতীয় দলে নেওয়ার ক্ষেত্রে আরেকটু অপেক্ষা করা ভালো হতো মনে করেন তিনি। বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে একটি শঙ্কার কথাও বললেন হৃদয়ের বিপিএল দলের অধিনায়ক।
“তৌহিদ হৃদয় ক্যারিয়ারের একদম শুরুর দিকে আছে। আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। সবাইকে এটা মেনে নিতে হবে এখন। জাতীয় দলে একটা দেশের সেরা পাঁচজন বোলার থাকবে, আমি আশা করি না, ও এসেই... ভালো খেললে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত। কারণ ছেলেটাকে খুব দ্রুত দলে নেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়, আমার মতামত।”
“এমন না হয় যে, আবার রান না করলে (ছুড়ে) ফেলে দেওয়া হয়। এই প্রশ্ন আমরা করি না কেউ, কেন এক টুর্নামেন্ট দেখে নিচ্ছেন, আবার দুই ম্যাচ খেলিয়ে বাদ দিচ্ছেন। এই জিনিসগুলো (দলে) নেওয়ার সময় যেমন খেয়াল রাখতে হবে, বাদ দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে।”
প্রাসঙ্গকিভাবে তখন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উদাহরণ টানেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক।
“বারবার আপনি লিটনকে যেভাবে সেট করেছেন, শান্তকে যেভাবে করছেন... প্রচুর চাপ কিন্তু ওরাই নেয়। আপনারাও (সংবাদমাধ্যম) লেখেন, আমরাও বাইরে থেকে বিভিন্ন কথা বলি। চাপটা শেষ পর্যন্ত ওই খেলোয়াড়ের ওপর আসে। খেলোয়াড় তৈরি করতে হলে তাকে তো ওই পরিমাণ সুযোগ বা বিভিন্ন জায়গায় খেলিয়েই প্রস্তুত করতে হবে। শেষ পর্যন্ত জাতীয় দলে গিয়ে বারবার একজন খেলোয়াড়কে সেট করাটা দলের জন্য যেমন কঠিন, ওই খেলোয়াড়ের জন্যও কঠিন।”
সিলেট দলে যেমন স্বাধীনতা পেয়েছেন তরুণ ক্রিকেটাররা, তেমনি জাতীয় দলেও নির্ভার থেকে খেলার সুযোগ পাবেন হৃদয়, এমনটাই প্রত্যাশা মাশরাফির।
“আমি তৌহিদ হৃদয়ের কথা এটুকু বলব, ফ্যান্টাসটিক ক্রিকেটার, দারুণ ফর্মে আছে। আমি ওকে শুভকামনা জানাই। একই সঙ্গে আমি আমার কথা বলব যে, যদি ও তিনটা-চারটা বা পাঁচটা ম্যাচে রান নাও করে, আমি অবাক হব না। কারণ আন্তর্জাতিক ম্যাচ আলাদা জায়গা। ওখানে অনেক রকম চাপ থাকবে, আমি আশা করব, ও চাপমুক্ত থেকে খেলবে।”
মাশরাফি এটিও মনে করিয়ে দিলেন, শুরুতে যদি হৃদয় ভালো পারফর্মও করে ফেলেন, তার আসল চ্যালেঞ্জ আসবে পরে।
“আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রথম চার-পাঁচ ম্যাচ, সাত ম্যাচ কিন্তু পারফর্ম করা সহজ, নতুন খেলোয়াড়ের জন্য জাতীয় দলে। কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে খেলা শুরু করবেন, দিন যত যাবে, তত কঠিন হবে। কারণ কম্পিউটার অ্যানালিস্ট থাকে। তারা দুর্বল জায়গায় আঘাত করবে। আমি আশা করি, ও মানিয়ে নিতে পারবে। দারুণ ক্রিকেটার, তবে একটু তাড়াতাড়ি (জাতীয় দলে নেওয়া)...।”
