২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেঞ্চুরি আর বিশ্বকাপে চোখ রেখে বিপিএলে পারভেজ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়া ব্যাটসম্যান এবার বিপিএলেও পেতে চান শতরানের স্বাদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ কেমন, ভালোই জানা আছে পারভেজ হোসেন ইমনের। বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তিনি। পাঁচ বছর আগে সেঞ্চুরি করেছেন ঘরোয়া টি-টোয়েন্টি আসরেও। তবে সেটি বিপিএল ছিল না। এবার বিপিএলে তিন অঙ্কের রোমাঞ্চকর ছোঁয়া পেতে চান বাঁহাতি এই ওপেনার। সেটি যদি তিনি পারেন, বিশ্বকাপের প্রস্তুতিও হবে দারুণ।

বিপিএলের নিলামে এবার পারভেজকে ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে সিলেট টাইটান্স। বিপিএলে তার পঞ্চম দল এটি। সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন প্রথমবার।

গত আসরের আগে বিপিএলে সেভাবে সুযোগই পাননি তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে একটি, রংপুর রাইডার্সে তিনটি ও খুলনা টাইটান্সে চারটি- তার অভিজ্ঞতা ছিল তিন মৌসুম মিলিয়ে মোট আট ম্যাচের। গতবার চিটাগং কিংসের হয়ে খেলতে পেরেছেন ১৩ ম্যাচ। ‘

গত মৌসুমের শুরুটা অবশ্য খুব ভালো ছিল না তার। পরে পারিশ্রমিক ঘিরে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দলের সত্বাধিকারী। ব্যক্তিগত প্রয়োজনে তিনি ছুটি নেওয়ার পর সেটি নিয়েও ছড়ায় সংশয়। আলোচনার ঢেউয়ের মধ্যে অবশ্য পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে মোটামুটি পারফরম্যান্সে টুর্নামেন্ট শেষ করতে পারেন। তার ব্যাট থেকে আসে ১৩০ স্ট্রাইক রেটে ৩৩৮ রান।

এবার নতুন দলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন তিনি ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে অপরাজিত ১০০ করেছিলেন ৪২ বলে। 

টি-টোয়েন্টি সেটি ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম শতরানের রেকর্ড। গত মাসে রাইজিং স্টার্স এশিয়া কাপে সেই রেকর্ড ভেঙে হাবিবুর রহমান সোহান সেঞ্চুরি করেছেন ৩৫ বলে।

এবার পারভেজ সেঞ্চুরি করতে চান কত বলে? সিলেটে দলের অনুশীলনের ফাঁকে সরাসরিই জিজ্ঞেস করা হলো তাকে। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, বল নিয়ে তিনি ভাবছেন না।

“ কত বলে… বল সুনির্দিষ্ট কিছু নেই। অবশ্যই সবাই চায় যে সেঞ্চুরি করতে টি-টোয়েন্টিতে। তবে ওভাবে ভাবছি না, নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা এটা করব।”

সেঞ্চুরি করতে পারলে বিশ্বকাপের জন্য নিজেকে ভালোভাবেই ঝালিয়ে নিতে পারবেন পারভেজ। বিশ্বকাপের আগে এবারের বিপিএলে নিজেকে সেভাবেই মেরে ধরতে চান বাঁহাতি ওপেনার। 

“এটা যদি বিশ্বকাপের জন্য হয়, তাহলে ভালো একটা প্রস্তুতি। অনেকগুলো ম্যাচ থাকবে। কাজেই ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারব, ভালো করতে পারব আশা করি।”

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই এবার পারভেজদের সিলেট টাইটান্স লড়বে আরেক নতুন দল রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে। পারভেজের আশা,

“আমাদের দল খুব ভালো। চেষ্টা করব আমরা আমাদের সেরাটা মাঠে নেমে দেওয়ার। সব মিলিয়ে আমাদের অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি।”

“অবশ্যই রাজশাহীও খুব ভালো দল গড়েছে। আমার মনে হয় ভালো একটা ম্যাচ হবে। সমর্থকদের বলব যে সবাই আসবেন, খেলাটা উপভোগ করবেন। ভালো ম্যাচ উপহার দেব আমরা।”