অভিজ্ঞতার ভেলায় হ্যাটট্রিক শিরোপার আশায় বাংলাদেশের যুবারা
টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
গত বছর এই দিনটিতেই যুব এশিয়া কাপ জয় করে দেশে ফিরেছিলেন আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ইমনরা। ঠিক এক বছর পর এই দিনে আরেকটি যুব এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশন হলো তাদের। অধিনায়ক আজিজুল শোনালেন তাদের লক্ষ্যের কথা।
একসময় এই ট্রফি জয় করা বাংলাদেশের জন্য ছিল স্বপ্ন। বছরের পর বছর তো ফাইনালের মুখই দেখেনি তারা। এখন সেই টুর্নামেন্টই হয়ে উঠেছে শিরোপার ধারাবাহিকতা রক্ষা করার আসর। কোচ ও অধিনায়ক যেমন প্রত্যয়ী কণ্ঠেই বলছেন, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান তারা।
গত তিন আসরের মতো এবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী শুক্রবার শুরু হচ্ছে টুর্নামেন্ট। বাংলাদেশ দল দেশ ছাড়বে বুধবার।
২০২৩ আসরে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে প্রথমবার শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। গত বছর আজিজুলের নেতৃত্বে সেই ট্রফি ধরে রাখে দল। এবারও তিনিই অধিনায়ক।
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য পূরণে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞতা। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলটি যেমন প্রচুর ম্যাচ খেলে নিজেদের পোক্ত করেছিল, এখনকার দলও ম্যাচ খেলেছে অনেক। এ বছর এখনও ২৪টি যুব ওয়ানডে খেলেছেন তারা। আর কোনো দল ২০টির বেশি যুব ওয়ানডে খেলেনি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায় সিরিজ জিতেছেন আজিজুলরা, ত্রিদেশীয় সিরিজ জিতেছেন জিম্বাবুয়েতে। কোনো সিরিজ তারা হারেননি।
এশিয়া কাপের আগে তাই যেন আত্মাবিশ্বাসে টইটম্বুর অধিনায়ক আজিজুল।
“এ বছর আমরা সব কটা সিরিজ জিতেছি এবং সবশেষ সিরিজটা ড্র হয়েছে। সুতরাং আমাদের তো বিশ্বাস আছেই যে আমরা ভালো করব। গত এক বছরে দলের সবচেয়ে বড় পরিবর্তন হলো অভিজ্ঞতা। আমরা এত ম্যাচ খেলেছি, পৃথিবীতে আর কেউ এত ম্যাচ খেলেনি। এখানকার সবারই অভিজ্ঞতা হয়েছে।”
“আগের বিশ্বকাপ থেকে দুজন ক্রিকেটার আছে বোর, শেখ পারভেজ জীবন এবং ইকবাল হোসেন ইমন। তারা অনেক অভিজ্ঞতা লাভ করেছে এবং অনেক সাফল্য পেয়েছে। আমার মনে হয় এই দলটাও দারুণ ছন্দেও আছে।”
কোচ নাভিদ নাওয়াজ অবশ্য দলকে প্রত্যাশার চাপ থেকে দূরে রাখতে চাইলেন। ২০২০ যুব বিশ্বকাপজয়ী এই কোচ আবার দলকে তৈরি করছেন আরেকটি বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জে। তিনি দলকে বলছেন উপভোগের মন্ত্র নিয়ে মাঠে নামতে।
“আমি আমার ছেলেদের শুধু বলছিলাম… এটা আর পাঁচটা টুর্নামেন্টের মতোই হবে এবং সবটাই নির্ভর করবে কোন দল নির্দিষ্ট দিনে ভালো খেলে, তার উপর। আমরা যে প্রক্রিয়াগুলো তৈরি করেছি, সে সম্পর্কে আলোচনা করছিলাম। মূল ব্যাপার হলো, এশিয়া কাপ চলার সময় সবকিছু উপভোগ করা এবং একটি দল হিসেবে একসঙ্গে কাজ করা। এটা নিশ্চিত করা যে, কেউ যেন একা না পড়ে যায়, পরস্পরের সাফল্য যেন সবাই উপভোগ করে এবং যখন চাপ আসে, তখন যেন আমরা সেটা কাটিয়ে উঠতে পারি।”
যুব বিশ্বকাপের আগে অনেকটা নিজেদের অবস্থান পরখ করে নেওয়ারও বড় সুযোগ এই এশিয়া কাপ। আগামী মাসের মাঝামাঝি জিম্বাবুয়ে ও নামিবিয়াতে শুরু হবে যুব বিশ্বকাপের পরের আসর।
বিশ্বকাপে তাকিয়েই দলে ফেরানো হয়েছে শেখ পারভেজ জীবনকে। গত যুব বিশ্বকাপে খেলেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। বিশ্বকাপের পরে বয়সভিত্তিক ক্রিকেটে আর খেলেননি। ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণেই তিনি খেলছেন। তবে এই সময়ে আবার তাকে যুব দলে ফেরানোর কারণটা পরিষ্কারই। আবার তাকে বিশ্বকাপে খেলাতে চায় দল। বয়স অনুযায়ী বিশ্বকাপ খেলতে তার বাধা নেই।
আট দলের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালেয়েশিয়া।
বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার দুবাইয়ে আফগানদের বিপক্ষে।
প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে উঠবে। ১৯ ডিসেম্বর শেষ চারের দুটি লড়াইয়ের পর ২১ ডিসেম্বর ফাইনাল দুবাইয়ের আইসিসি একাডেমিতে।
বাংলাদেশ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি এলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ড বাই: রাফিউজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।
