২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৪ মেডেনের রেকর্ড গড়ে ফার্গুসন বললেন, ‘এমন উইকেটে বোলিং আনন্দের’

রান খরচে মিতব্যয়িতার রেকর্ড গড়া লকি ফার্গুসন প্রতিক্রিয়া দেখানোর বেলায়ও যেন বড় কৃপণ।

৪ মেডেনের রেকর্ড গড়ে ফার্গুসন বললেন, ‘এমন উইকেটে বোলিং আনন্দের’
প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪টি ডট বল করলেন লকি ফার্গুসন। ছবি: নিউ জিল‍্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 09:42 AM

Updated : 26 Aug 2026, 09:48 AM

উগান্ডার বিপক্ষে আগের ম্যাচে ২০টি ডট বল করে রেকর্ড ছুঁয়েছিলেন লকি ফার্গুসন। পরের ম্যাচে তিনি ছাড়িয়ে গেছেন নিজেকে, ছাড়িয়ে গেছেন মাঝে রেকর্ড গড়া তানজিম হাসানকে। চার ওভারে কোনো রান না দেওয়ার কীর্তি গড়ে উইকেট থেকে সাহায্য পাওয়ার কথা বললেন ফার্গুসন। 

ত্রিনিদাদে সোমবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ ওভারে ৪টিই মেডেন করে ৩ উইকেট নেন নিউ জিল্যান্ডের গতিময় পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে কোনো বোলারের ৪ মেডেনের প্রথম ঘটনা এটি। সব মিলিয়ে দ্বিতীয়।

আগের কীর্তিটি হয়েছিল ২০২১ সালে। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন কানাডার বাঁহাতি স্পিনার সাদ বিন জাফার।

আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে ৪ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন টিম সাউদি। বিশ্বকাপে সেটিই ছিল সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড। সেদিনই ২০টি করে ডট বল করেন সাউদি ও ফার্গুসন। 

তাদের কীর্তি ছাড়িয়ে বাংলাদেশ সময় সোমবার সকালে নেপালের বিপক্ষে ২১টি ডট বলের রেকর্ড গড়েন বাংলাদেশের পেসার তানজিম। কিন্তু ১৪ ঘণ্টার মধ্যে ২৪ ডট বল করে সেই রেকর্ড নিজের করে নেন ফার্গুসন।

স্বাভাবিকভাবেই নিউ জিল্যান্ডের ৭ উইকেটের জয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফার্গুসন। এই স্বীকৃতি গ্রহণ করে প্রতিক্রিয়া দেওয়ার সময় যেন নিজের বোলিংয়ের মতোই কৃপণ ৩৩ বছর বয়সী গতিময় পেসার।  

"ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। তবে এমন উইকেটে বোলিং করা আনন্দের। উচ্চাশা নিয়ে এসে আজই বিদায় নেওয়া হতাশার। তবে এটাই খেলা। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।"

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল নিউ জিল্যান্ডের। শেষ দুই ম্যাচে উগান্ডা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে বড় জয়ে যাত্রা শেষ করল তারা।