২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারিতে ‘মুগ্ধ কর্নারে’ বিনামূল্যে পানি যেভাবে পাওয়া যাবে

বিপিএলে প্রতি দিন গড়ে ১০ হাজারের বেশি দর্শকের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 04:44 PM

Updated : 26 Aug 2026, 11:13 AM

খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তি কমিয়ে তাদের অভিজ্ঞতা আগের চেয়ে সুন্দর করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার বলেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলে করা হয়েছে বিনামূল্যে পানির ব্যবস্থা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হতে যাওয়া বিপিএলের ১১তম আসরে প্রতিটি ম্যাচে বিনামূল্যে পানি পান করতে পারবেন দর্শকরা। টুর্নামেন্টের ড্রিংকিং পার্টনারের নাম ঘোষণার আয়োজনে রোববার এর পুরো প্রক্রিয়া জানানো হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী, জুলাই গণআন্দোলনে প্রাণ হারানো মীর মুগ্ধের নামে 'মুগ্ধ কর্নার' করা হবে স্টেডিয়ামের গ্যালারিতে। সেখানেই রাখা হবে বিনামূল্যে পানি পানের ব্যবস্থা।  

বিপিএলের ড্রিংকিং পার্টনার পুষ্টি কনজিউমারের ব্যবসায়িক প্রধান আলম চৌধুরি জানান, বিনা মূল্যে পানির জন্য পুরো স্টেডিয়ামে ছয়টি কর্নার থাকবে। এর প্রতিটিতে চারটি করে বুথে একসঙ্গে পানি পান করতে পারবেন দর্শকরা। 

এসময় টিকে গ্রুপের ব্যবসা পরিচালক মোফাসসের হক বলেন, প্রতি দিন ৫ ঘণ্টার মধ্যে গড়ে ১০ হাজার বেশি দর্শকের জন্য পানির ব্যবস্থা করতে পারবেন তারা। চাহিদার ভিত্তিতে প্রয়োজন পড়লে আরও বেশি পানিও সরবরাহ করা হবে বলে জানান তিনি।   

টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেও 'মুগ্ধ কর্নার' এর মাধ্যমে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে বলেন বিপিএলের সদস্য সচিব নাজমুল আবেদীন।