২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিজবেন টেস্টেও দর্শক কামিন্স

চোটের কারণে পার্থে খেলতে না পারা অস্ট্রেলিয়ান অধিনায়ক আরও একটি টেস্টে থাকবেন মাঠের বাইরে।

ব্রিজবেন টেস্টেও দর্শক কামিন্স
বোলিংয়ে ফিরেছেন প্যাট কামিন্স, তবে আরও সময় লাগবে পুরো ফিটনেসে ফিরতে। ছবি: অস্ট্রেলিয়া মেন'স ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 11:30 AM

Updated : 26 Aug 2026, 05:12 PM

সিডনির নেটে শুক্রবার অনেক ঘাম ঝরালেন প্যাট কামিন্স। পুরো রান আপে আগ্রাসী শরীরী ভাষায় বোলিং করলেন স্টিভ স্মিথকে। সবকিছুতেই ফুটে উঠছিল আশার ছবি। কিন্তু আড়ালের চিত্র যে ভিন্ন, তা পরিষ্কার হলো এ দিনই দল ঘোষণার পর। এখনও ম্যাচ খেলার মতো ফিট নন অস্ট্রেলিয়ান অধিনায়ক। অ্যাশেজের ব্রিজবেন টেস্টেও তাই ফেরা হচ্ছে না তার।

জশ হেইজেলউডও যে ব্রিজবেনে থাকছেন না, সেটি নিশ্চিত হয়ে গিয়েছিল বেশ আগেই। যেটির মানে আবারও পেস আক্রমণের বড় দুই অস্ত্রকে ছাড়াই লড়তে হবে অস্ট্রেলিয়াকে। 

এই দুজনকে ছাড়াই পার্থে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সেই টেস্টের স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়েছে ব্রিজবেনে দিন-রাতের টেস্টের জন্য। ওই ম্যাচের একাদশে না থাকা জশ ইংলিশ, বাউ ওয়েবস্টার ও মাইকেল নিসার টিকে গেছেন স্কোয়াডে।

স্কোয়াডে না থাকলেও পার্থের মতোই দলের সঙ্গে ব্রিজবেনে থাকবেন কামিন্স। তার পরের বোলিং সেশন সোমবার। মূলত ঝুঁকি এড়াতেই তাকে এই টেস্টে রাখা হয়নি। তৃতীয় টেস্টের আগে সেরে উঠতে বাড়তি আরও সপ্তাহ দুয়েক সময় পাচ্ছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

কামিন্স না থাকায় ব্রেন্ডান ডগেটের একাদশে থাকাও নিশ্চিত হয়ে গেল। পার্থে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার।

পিঠের জড়তার কারণে পার্থে কোনো ইনিংসেই ওপেন করতে না পারা ও কেবল এক ইনিংসে ব্যাট করা উসমান খাওয়াজা টিকে গেছেন স্কোয়াডে। তবে তার একাদশে জায়গা এখন ঝুলছে সুতোয়। তার জায়গায় ওপেন করে দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেড উপহার দিয়েছেন সর্বকালের সেরা অ্যাশেজ ইনিংসগুলোর একটি। 

হেডকেই ওপেনিংয়ে রেখে খাওয়াজাকে বাইরে রাখার পক্ষে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার, বিশেষজ্ঞদের অনেকেই। সত্যিই হেডকে ওপেন করানো হলে মিডল অর্ডারে দেখা যেতে পারে জশ ইংলিশকে। কিংবা অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে ফেরানোর সম্ভাবনাও আলোচনায় আছে। তিনি খেললে ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়ে বিকল্পও বেড়ে যায়, যা গোলাপি বলে গুরুত্বপূর্ণ হতে পারে।

গোলাপি বল বলেই অবশ্য হেডকে শুরুতে সুইং-মুভমেন্টের পরীক্ষায় না পাঠিয়ে আবার পাঁচ নম্বরে নামিয়ে আনার পক্ষেও মত দিয়েছে কয়েকজন। সেটি হলে একাদশে টিকে যাবেন খাওয়াজা।

একাদশের আরেকটি জায়গা নিয়ে থাকবে ভাবনার অবকাশ। পার্থে পেস সহায়ক উইকেটে গোটা ম্যাচে কেবল দুটি ওভার করতে পেরেছেন ৫৬২ উইকেট শিকারি স্পিনার ন্যাথান লায়ন। গোলাপি বলের টেস্টেও তার বোলিংয়ের সুযোগ থাকতে পারে সীমিত। অস্ট্রেলিয়ার সবশেষ দিন-রাতের টেস্টে গত জুলাইয়ে জ্যামাইকায় খেলানো হয়নি এ অফ স্পিনারকে। গত মৌসুমে ভারতের বিপক্ষে দিন-রাতের টেস্টে স্রেফ এক ওভার বোলিং পেয়েছিলেন তিনি। এবারও তার বদলে ওয়েবস্টার বা নিসারকে খেলানোর ভাবনা থাকবে প্রবলভাবেই।

ব্রিজবেন টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার। পার্থ টেস্ট দুই দিনেই শেষ হওয়ায় বাড়তি পাওয়া ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ব্রিজবেনে একত্র হবেন রোববার।