২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিস্তরঙ্গ দুপুরে ‘ছায়া অনুশীলন’ মুশফিকের

ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর টেস্টে নামার আগে নিজেকে প্রস্তুত করার অভিযান শুরু করে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 08:16 PM

Updated : 12 Nov 2023, 09:05 PM

‘আস্তে হোক বা জোরে, লেংথে কর। নইলে তো মেরে দেবে’- তাইজুল ইসলামের দিকে তাকিয়ে বললেন মুশফিকুর রহিম। তাইজুল জানতে চাইছিলেন, লেংথ খানিকটা টেনে ব্যাটসম্যানের নাগাল থেকে দূরে বোলিং করবেন কি না। মুশফিক পরামর্শ দিলেন লেংথ ধরে রেখে গতিবৈচিত্রে জোর দিতে। এভাবে কথায় আর খেলায় চলতে থাকল দুজনের নেট সেশন। সাগরিকায় অগ্রহায়ণের নিস্তল দুপুরে মুশফিক কখনও কখনও হয়ে উঠলেন তাইজুলের কোচ! 

ক্রিকেটীয় ব্যস্ততা রোববার কেবল এই দুজনেরই ছিল। ওয়ানডে অভিযান শেষে লাল বলের ক্রিকেটযজ্ঞে নামার আগে বিশ্রাম দেওয়া হয় বাংলাদেশ দলকে। বেশির ভাগ ক্রিকেটারের দিন কাটে নিজের মতো করে। সকালে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে এম. এ. আজিজ স্টেডিয়ামে যেতে দেখা যায় টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে।  

ভারতীয় দলের অনুশীলনে মাঠে আসেন স্রেফ টেস্ট বিশেষজ্ঞরা। এক দিনের ম্যাচের সিরিজে থাকা ক্রিকেটাররা টিম হোটেলেই কাটান দিনটি।  দুই দলের ওয়ানডে সিরিজে থাকা ক্রিকেটারদের মধ্যে ব্যতিক্রম কেবল মুশফিক। বাঁহাতি স্পিনার তাইজুলকে নিয়ে তিনি ঠিকই  হাজির জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে।  

দুইটি ভিন্ন সেশনে প্রায় পৌনে দুই ঘণ্টা ব্যাটিং করেন মুশফিক। নেটে লম্বা সময় বোলিংয়ের পর বেশ কিছুক্ষণ ব্যাটিংও ঝালিয়ে নেন তাইজুল। 

মুশফিকের জন্য অবশ্য এসব নতুন কিছু নয়। মিরপুরে প্রায়ই একক অনুশীলনে নিবিড় সময় কাটান তিনি।    

তবে এবার পুরোপুরি ঐচ্ছিক অনুশীলন হলেও তার নেট সেশনে স্পষ্ট ছিল ভারতের বিপক্ষে টেস্টের পরিকল্পনার ছাপ। বাঁহাতি স্পিনার তাইজুল ছাড়াও নেট বোলারদের মধ্যে একজন অফ স্পিনার, একজন বাঁহাতি রিস্ট স্পিনার, একজন করে ডানহাতি ও বাঁহাতি পেসার নিয়ে ব্যাটিং করেন বাংলাদেশের মিডল অর্ডারের নির্ভরতা অভিজ্ঞ এই ব্যাটসম্যান।  

টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ভারতের বোলিং আক্রমণে আছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল, বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব, দুই ডানহাতি পেসার উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ। এছাড়া দলে যোগ দেওয়ার কথা রয়েছে বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের। 

এই বোলারদের কথা ভেবেই হয়তো আজ নিজের ব্যাটিং সেশনে ঠিক এ ধরনের বোলার নিয়েই খেলেন মুশফিক। বিশেষ করে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপের বিপক্ষে খেলার প্রস্তুতি নিতে ঢাকা থেকে আনা হয়েছে এই ঘরানার নেট বোলার সাইফুল ইসলামকে। অবশ্য মুশফিকের নেটে খুব একটা কার্যকর বোলিং করতে পারেননি তিনি।  

তবে নতুন চকচকে বলে ডানহাতি এক নেট পেসার বেশ কঠিন পরীক্ষাই নিয়েছেন মুশফিকের। বেশ কয়েকটি বল ব্যাক অব দ্য লেংথ থেকে লাফিয়ে উঠেছে বুক সমান উচ্চতায়। সেগুলো সমীহ করেই খেলেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। বাঁহাতি পেসারের বিপক্ষে পুরোটা সময়ই সাবলিল ছিলেন তিনি।  

ঢাকা প্রিমিয়ার লিগ খেলা অফ স্পিনার রনি চৌধুরীর বিপক্ষে ব্যাটিং শুরুর আগে নিজ থেকেই কাল্পনিক ফিল্ড সাজিয়ে নেন মুশফিক। অফসাইড প্রায় উন্মুক্ত রেখে স্লিপ, লেগ স্লিপ ও শর্ট লেগের সঙ্গে শর্ট মিড উইকেটে ক্যাচিং পজিশনে একজন ফিল্ডার থাকার কথা বলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে অশ্বিনকে প্রায়ই দেখা যায় এরকম ফিল্ড সাজিয়ে বোলিং করতে। 

ভারতের অভিজ্ঞ স্পিনারকে সামাল দেওয়ার জন্য এভাবে ফিল্ড সাজিয়ে সতর্কতায় একেকটি বল খেলেন মুশফিক। একটি বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পের পেছনে চলে যায়। রনি জিজ্ঞেস করেন, ‘রান হবে ভাই?’ মুশফিক তখন মনে করিয়ে দেন, ‘আরেহ নাহ! লেগ স্লিপ আছে তো।’  

এভাবে প্রায় পুরোটা সময় নিজেই নিজের ব্যাটিংয়ের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন মুশফিক। তাইজুলসহ অন্য নেট বোলারদের কিছুক্ষণ পরপর পরামর্শ দিতে দেখা যায় তাকে। 

ঘণ্টাখানেক প্যাভিলিয়ন প্রান্তের নেটে অনুশীলনের পর মিডিয়া প্রান্তের নেটে এসে আরও ৪০ মিনিট ব্যাটিং করেন তিনি। দ্বিতীয় দফায় দুই থ্রোয়ার রমজান ও নাসিরই বেশি বল ছোড়েন মুশফিককে। 

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি এবার ভালো কাটেনি মুশফিকের। তিন ম্যাচে ক্রমেই কমেছে তার রান, ১৮, ১২ ও ৭। 

এই সংস্করণে অবশ্য গোটা বছরটাই বেশ বাজে গেল তার। এ বছর ১১ ইনিংসে স্রেফ ২৩ গড়েতরতে পেরেছেন ২৩০ রান। ফিফটি করেছেন দুটি। বাকি ৯ ইনিংসে একবারও ছাড়াতে পারেনি ২৫। ২০১৩ সালের পর ওয়ানডেতে তার সবচেয়ে বাজে বছর এটিই। 

তবে টেস্ট ক্রিকেটে এই বছর আবার উল্টো চিত্র। এখানে তিনি বরাবরের মতোই উজ্জ্বল তিনি। বছরের শুরুটা আশানুরূপ না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই টেস্টে করেন সেঞ্চুরি। ২০২২ সালে এখনও পর্যন্ত ৯ ইনিংসে ৫৪.১৪ গড়ে তার রান ৩৭৯ রান।

এই পরিসংখ্যান আরও উজ্জ্বল করার পালা এবার ভারতের বিপক্ষে। মুশফিক বরাবরই বেশ পছন্দ করেন এই প্রতিপক্ষকে! জিম্বাবুয়ে (৫৭.১৩) ও শ্রীলঙ্কার (৫৩.৮৪) পর ভারতের বিপক্ষেই তার ব্যাটিং গড় সবচেয়ে ভালো। 

প্রতিপক্ষ যখন ভারত, এই সংস্করণে তখন মুশফিকের সফল কেউ বাংলাদেশেই আর নেই। ভারতীয়দের বিপক্ষে ৬ ম্যাচে দুটি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার রান ৫১৮, গড় ৫১.৮০। বাংলাদেশের অন্য কেউ ভারতের বিপক্ষে ৪০০ রানও করতে পারেননি।  

প্রতিপক্ষ প্রিয় হলেও মুশফিকের প্রস্তুতিতে যে কোনো ঘাটতি থাকবে না, সেটির প্রমাণ রোববারের এই সেশন। অপেক্ষা এখন ভারতের বিপক্ষে তার আরেকবার জ্বলে ওঠার।