১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল যুবাদের প্রস্তুতি ম‍্যাচ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যতটুকু খেলা হয়েছে তাতে ভালো করেছেন কেবল কালাম সিদ্দিকি।

বৃষ্টিতে ভেসে গেল যুবাদের প্রস্তুতি ম‍্যাচ
সতীর্থদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে রেখে ৭১ রানে অপরাজিত ছিলেন কালাম সিদ্দিকি অ্যালেন। ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 09:51 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি পর্বের প্রথম ধাপটা একদমই ভালো হলো না বাংলাদেশের। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। বোলিংয়ের সুযোগই পেলেন না বোলাররা। যতটুকু খেলা সম্ভবত হলো তাতে কালাম সিদ্দিকি ছাড়া আর কেউ ভালো করতে পারলেন না। 

যুব বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে নামার আগে শনিবার প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ৩৬.৩ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করতে পারে তারা। বৃষ্টির দাপটে এরপর আর খেলা সম্ভব হয়নি।

আগামী মঙ্গলবার হারারেতে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের মাসভিঙ্গো স্পোর্টস ক্লাবে এদিন বাংলাদেশের হয়ে ক্রিজে টিকতে পারেন কেবল কালাম। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রেখে ৬ চারে ৯৮ বলে অপরাজিত ৭১ রান করেন তিনি।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২০ রানও করতে পারেননি আর কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে রিজান হোসেনের ব্যাট থেকে।

পাকিস্তানের বোলারদের প্রস্তুতিটা ভালো হয়। বিশেষ করে, ডানহাতি পেসার আলি রাজার। সর্বোচ্চ ৩ শিকার ধরেন তিনি। একটি করে প্রাপ্তি উমার জাইব, মোহাম্মাদ সাইয়াম ও মমিন কামারের।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারে খায় জোড়া ধাক্কা। চার বলের মধ্যে জাওয়াদ আবরার ও রিফাত বেগকে ফিরিয়ে দেন আলি রাজা। বাংলাদেশের দুই ওপেনারই হন কট বিহাইন্ড।

তিনে নেমে অধিনায়ক আজিজুল হাকিম পারেননি টিকতে। ৫ বল খেলে ৩ রান করতেই ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি উমার জাইবের বলে।

১২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরার চেষ্টা করেন রিজান ও কালাম। তাদের ৪৮ রানের জুটিতে শুরুর সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে দল। ৩ চারে ১৮ রান করতে ৩২ বল খেলা রিজান ক‍্যাচ দেন উইকেটের পেছনে।

মন্থর ব‍্যাটিংয়েও শাহরিয়ার আহমেদ ও ফরিদ হাসান খুব একটা সঙ্গ দিতে পারেননি কালামকে। ৮ রান করতে ২৫ বল খেলেন শাহরিয়ার। আর ৯ রান করতে ৩০ বল খেলেন ফরিদ। 

এমডি আবদুল্লাহ বিদায় নেওয়ার পর সামিউন বাশিরকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন ৬৫ বলে ফিফটি করা কালাম। কিছুক্ষণ পর বৃষ্টি নামলে ম্যাচের শেষ ঘোষণা করে দেন আম্পায়াররা।

বুলাওয়ায়োতে আগামী ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।  

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৬.৩অভারে ১৫২/৭ (জাওয়াদ ৮, রিফাত ১, আজিজুল ৩, কালাম ৭১*, রিজান ১৮, শাহরিয়ার ৮, ফরিদ ৯, আবদুল্লাহ ১১, সামিউন ১০*; উমার ৪-০-২৫-১, রাজা ৫.৩-০-৩৪-৩, সাইয়াম ৪-০-৭-১, সুবহান ৩-০-১১-০, মমিন ৭-০-৩৫-১, নাকিব ৭-০-১১-০, হুসাইন ৪-০-১৯-০, উসমান ২-০-৯-১)