পাকিস্তান সফরে ‘এ’ দলের প্রথম ম্যাচে মুশফিক-মুমিনুল
পাকিস্তান সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে ‘এ’ দলের হয়ে পাকিস্তানে চার দিনের ম্যাচ খেলবেন মুমিনুল হক, মুশফিকুর রহিমসহ টেস্ট দলের নিয়মিত কয়েকজন ক্রিকেটার। প্রথম ম্যাচের পর তারা যোগ দিতে পারেন টেস্ট সিরিজের দলে।
আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রায় তিন সপ্তাহের এই সফরে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী ৬ অগাস্ট দেশ ছাড়বে দলটি। ইসলামাবাদে ১০ অগাস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ওই ম্যাচে মুশফিক ও মুমিনুল ছাড়াও খেলতে পারেন টেস্ট দলের নিয়মিত মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ।
একই মাঠে ১৭ অগাস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। শাহাদাত ছাড়া বাকি ছয়জনকে রাখা হয়নি দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৬ অগাস্ট পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট। পরে করাচিত ৩০ অগাস্ট থেকে হবে দ্বিতীয়টি।
চার দিনের দুটি ম্যাচ শেষ করার পর ইসলামাবাদেই ২৩, ২৫ ও ২৭ অগাস্ট এক দিনের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার- এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
পাকিস্তান সফরের আগে ‘এ’ দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের মাঝামাঝি থেকে চলছে প্রস্তুতি ক্যাম্প। এরই মধ্যে তারা নিজেদের মধ্যে একটি দুই দিনের ম্যাচ খেলেছে। এখন চলছে তিন দিনের ম্যাচ।
দুই দিনের ম্যাচে একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেন মুমিনুল। প্রথম ইনিংসে ৫০ রানের পর দ্বিতীয়টিতে ৪৮ রান করেন মুশফিক। ধারাবাহিকতা ধরে রেখে তিন দিনের ম্যাচেও প্রথম ইনিংসে ফিফটি করেন মুশফিক। এনামুলের ব্যাট থেকে আসে ৯০ রান।
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড: এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
ওয়ানডে সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
