Published : 25 May 2023, 10:58 PM
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ মুমিনুল হক, শরিফুল ইসলামদের সামনে। এই সংস্করণের সবশেষ ম্যাচের দল থেকে বাদ পড়া নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, ইয়াসির আলিদের সামনে সুযোগ ফেরার দাবি জানিয়ে রাখার। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্টের দলে রাখা হয়েছে তাদের।
ম্যাচটির জন্য বৃহস্পতিবার রাতে ঘোষিত ১৪ সদস্যের দলে পরিবর্তন সাতটি। অসুস্থতার জন্য দলে নেই দুই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়া আফিফ হোসেন। চলমান দ্বিতীয় ম্যাচের শেষ দিন নতুন অধিনায়ক ঠিক করবে স্বাগতিকরা।
সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ ও রিপন মণ্ডলকে রাখা হয়নি শেষ ম্যাচের দলে।
মুমিনুল, ইয়াসির, সোহান, নাসুম, শরিফুলের সঙ্গে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি। সিলেটে আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া তৃতীয় ম্যাচের পর হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্পে যোগ দেওয়ার কথা এই পেস বোলিং অলরাউন্ডারের।
তৃতীয় আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, শাহাদাত হোসেন, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, মুশফিক হাসান, তানজিম হাসান।