২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তর জোড়া সেঞ্চুরির অপেক্ষায় ছিল গোটা দলই

মুমিনুল হকের পর এক ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার এই অর্জনের অপেক্ষা ছিল পুরো বাংলাদেশ দলেরই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 09:49 PM

Updated : 16 Jun 2023, 10:00 PM

হাশমতউল্লাহ শাহিদির মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি লেগ সাইডে ঠেলেই দ্রুত রানের জন্য ছুটলেন নাজমুল হোসেন শান্ত। মাঝ পিচেই খুলে ফেললেন হেলমেট। পপিং ক্রিজে পৌঁছে ড্রেসিং রুমের দিকে গিয়ে দিলেন চিরচেনা লাফ, ব্যাটে আঁকলেন চুমু।  

উদযাপনে নতুন কিছু না থাকলেও শান্তর কীর্তিটা বিরল। স্রেফ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেটিও মুমিনুল হককে অন্য প্রান্তে রেখে, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছিলেন। 

একসঙ্গে ক্রিজে থাকায় সবার আগে মুমিনুলের কাছ থেকেই অভিনন্দন পান শান্ত। জড়িয়ে ধরে সতীর্থকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাই যেন দেন মুমিনুল। পরে দিনের খেলা শেষে অভিজ্ঞ ব্যাটসম্যান জানান, পুরো দলই অপেক্ষায় ছিল শান্তর জোড়া সেঞ্চুরির।  

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ১৭৬ ও ১০৫ রান করেছিলেন মুমিনুল। ততদিনে আন্তর্জাতিক অভিষেক হলেও নিয়মিত হতে পারেননি শান্ত। তাই মুমিনুলের ওই কীর্তির দিন দলের সঙ্গে ছিলেন না তিনি। বাইরে বসেই দেখতে হয় বাংলাদেশের প্রথম জোড়া সেঞ্চুরির কীর্তি। 

সেই শান্ত এবার পাঁচ বছর পর বসলেন মুমিনুলের পাশে। প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় বারে তার নামের পাশে ১২৪ রান। দিন শেষে সংবাদ সম্মেলনে তার ব্যাটিংয়ের প্রশংসা ফুটে ওঠে মুমিনুলের কণ্ঠে।

“শান্ত প্রথম ইনিংসে যখন একশ করেছিল, দ্বিতীয় ইনিংসে দলের সবাই চাচ্ছিলাম যে, ওর দুইটা সেঞ্চুরি হোক। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসের চেয়েও প্রথম ইনিংসের সেঞ্চুরিটি মূল্যবান। কারণ ওটায় খেলার মোমেন্টামটা পুরো বদলে যায়। এজন্য আমরা সবাই চাচ্ছিলাম একশ হোক। ওকেও ধন্যবাদ। দলের জন্য দুইটা সেঞ্চুরি করে অবদান রাখা। এটা বিরাট ব্যাপার।” 

দ্বিতীয় ইনিংসে ১৮ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর জাকির হাসানের সঙ্গে ১৭৩ রান যোগ করেন শান্ত। তবে তার সেঞ্চুরি ক্রিজে থেকে দেখতে পারেননি জাকির। পরে মুমিনুলের সঙ্গে ১১৩ বলের জুটিতে আসে ৮৩ রান। 

একদম কাছ থেকে শান্তর ব্যাটিং দেখে তৃপ্তিই পেয়েছেন মুমিনুল। সতীর্থের ব্যাটিংয়ের ভালো লাগার দিকটিও তুলে ধরেন দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করা বাংলাদেশের সাবেক অধিনায়ক।  

“শান্তর ব্যাটিং দেখলে মনে হয় খেলাটা অনেক সহজ। উইকেটের সব দিক দিয়ে খেলে। আমি নিজেও মনে হয় ওভাবে খেলি। কিন্তু আমি যে ধরনের ব্যাটসম্যান, ওভাবে খেলা কঠিন। শান্ত-লিটন (দাস) ওদের ব্যাটিং দেখতে খুব ভালো লাগে। শান্ত খারাপ বলটা ছাড়ে না, বাউন্ডারি মারে। এই গরমে ও যেভাবে খেলেছে, দুইটা সেঞ্চুরি অনেক বড় অর্জন।”